১৯৯২ সালের চুক্তির সঙ্গে নতুন বিষয় যোগ করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা ভাবতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ শনিবার ঢাকায় তিনি বলেন, “দুই সরকারকে মিলেই এটা ঠিক করতে হবে।
মিয়ানমার সরকার আগেই জানিয়েছে, ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় রোহিঙ্গাদের তারা ফেরাতে রাজি। কিন্তু ওই চুক্তি এখন আর ‘বাস্তবসম্মত নয়’ জানিয়ে মিয়ানমারকে নতুন একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। অবশ্য পরিস্থিতি যে এখন আর ১৯৯২ সালের মতো নেই, সে কথা বার্নিকাটও মানছেন।
তিনি বলেন, “উদ্যোগ শুরুর জন্য এটা ভাল, কেননা দুই দেশের মধ্যে একটি চুক্তি আগে থেকেই আছে। ২০১৭ সালের সমঝোতায় অবশ্যই নতুন নতুন বিষয় আসবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো যুক্তরাষ্ট্রও এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতা দিতে প্রস্তুত। বাংলাদেশের মতো আমরাও বিশ্বাস করি, এই সঙ্কটের মূল রয়েছে বার্মায়। মিয়ানমারের সেনাপ্রধানকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ফোন কলই প্রমাণ করে, আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সমস্যার মূলে মনোযোগ দিচ্ছে এবং মিয়ানমারকে চাপ দিচ্ছে, যাতে তাদের সরকার ও সেনাবাহিনী ‘সঠিক কাজটি’ করে এবং রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এমনভাবে এ সঙ্কটের সমাধান চায়, যাতে রোহিঙ্গারা আত্মসম্মানের সঙ্গে দেশে ফিরতে পারে এবং যেখানে তাদের এবং তাদের পূর্বপুরুষের জন্ম হয়েছে, সেখানে আবার তারা নিরাপদে বসবাস করতে পারে।
গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যা ঘটছে, তাকে জাতিসংঘ চিহ্নিত করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। আর গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা।
