বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে নেপালের কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার চিকিৎসা চলছে।
ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শাহরিনের ৫ শতাংশ বার্ণের সাথে ডান পায়ের হাড় ভেংগে গেছে। আরো পরিক্ষার পর উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হবে। পরবর্তীতে বলা যাবে তার অপারেশন লাগবে কিনা
এদিকে শাহরিনের ভাই লে. ক. শরফরাজ আহমেদ বলেছেন, শাহরিন অন্যদের তুলনায় ভাল আছে, নেপালের চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারি যে তার মাইনর অপারেশন লাগতে পারে।
শাহরিন আহমেদকে বহনকারী বিজি-০০৭২ ফ্লাইটটি বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায়। ৪টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে দ্রুত তাকে ঢামেকের পাঠানো অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়। বিকেল ৫টার দিকে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছালে দ্রুত তাকে বার্ন ইউনিটের আইসিইউতে নেয়া হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। নামার আগেই এটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। উড়োজাহাজটিতে চারজন ক্রু ও ৬৭ জন যাত্রী ছিলেন।
