দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরু থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিন শেষে কমেছে সবগুলো সূচকই। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২০ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৮১৩ দশমিক ১৪ পয়েন্টে। এদিকে ৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ২ হাজার ১৮৬ দশমিক ৭৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৪ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ১ হাজার ৩৫২ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৫ কোটি ২১ লাখ ৫৮০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৫৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫২৯ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২২৮টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৭ দশমিক ১৫ পয়েন্টে নেমে যায়। আর ৮২ দশমিক ১১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৪০ দশমিক শূন্য ৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৭৬০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৬ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৫৬১ টাকা।
