গত বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছান মার্ক ও’নিল। এরপর দুই দিন বিশ্রাম নিয়ে তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন আজ দুপুরের দিকে।
ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ও’নিল ঘুরে দেখেছেন মিরপুরের অনুশীলন-সুবিধা। কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটারের কাজে নেমে পড়ার কথা আগামীকাল থেকেই।
ও’নিলের ভাষায়, ‘আপাতত আমি ওদের কিছুদিন দেখব। এখানকার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর নতুন করে কথা হতেও পারে। তবে ছোটখাটো কিছু কাজ করার জন্য এই সময় যথেষ্টই।’
এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায়ও একই আভাস। তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে অাপাতত উনি একমাস কাজ করবেন। এরপর হয়তো ওনাকে অামরা ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজে লাগাবো।’
উল্লেখ্য, ৫৮ বছর বয়সী ও’নিল খেলেছেন নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। ১৯৭৮-৭৯ থেকে ১৯৯০-৯১ পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে প্রথম শ্রেণির ম্যাচের সংখ্যা ৭৬। ৩৫.১৭ গড়ে ৯ সেঞ্চুরি ও ১৮টি ফিফটি আছে তাঁর। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৭৮ রানের।
