বেড়েছে জ্বালানি তেলের দাম




অগ্রিম চুক্তির বাজারে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে জ্বালানি তেল। উৎপাদক দেশগুলোর সংগঠন ওপেক বৈশ্বিক চাহিদা বাড়ার পূর্বাভাস জানানোর খবরে গতকাল পণ্যটির দাম বেড়েছে।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বেড়ে ৪৯ দশমিক ৮৪ ডলারে লেনদেন হয়। অক্টোবরে সরবরাহ চুক্তিতে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বেড়ে ৫৩ দশমিক ১৯ ডলারে হাতবদল হয়।
যুক্তরাষ্ট্রে মজুদ কমার প্রতিবেদন প্রকাশের পর থেকে পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, দেশটিতে জ্বালানি তেলের মজুদ ৬৫ লাখ ব্যারেল কমে ১১৫ কোটি ব্যারেলে নেমে এসেছে। তবে গ্যাসোলিনের মজুদ বেড়েছে।
৪ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের মজুদ দাঁড়িয়েছে ১৩ কোটি ১১ লাখ ব্যারেল। এর আগে মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট দেশটিতে তেলের মজুদ ৭৮ লাখ ব্যারেল কমার খবর জানিয়েছিল। সংস্থাটির মতে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন মজুদ ১৫ লাখ ব্যারেল বেড়েছে।
এক বিবৃতিতে কমার্জব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মজুদ কমার কারণে জ্বালানি তেলের বাজার চাঙ্গা হয়েছে। এতে বাজারে বিদ্যমান সরবরাহ কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে গতকাল ওপেক চলতি বছরের জন্য বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদার পূর্বাভাস এক লাখ ব্যারেল বাড়িয়েছে। সংগঠনটির মতে, ২০১৭ সালের বাকি দিনগুলোয় বিশ্বব্যাপী দৈনিক ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল প্রয়োজন হবে। একই সঙ্গে গত জুলাইয়ে লিবিয়া, নাইজেরিয়া ও সৌদি আরবে উৎপাদন বাড়ায় সামগ্রিক উৎপাদনও বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
তেলের বাজার চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে উৎপাদন নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে ওপেকসহ প্রধান উৎপাদক দেশগুলো। তবে ওপেকভুক্ত হয়েও লিবিয়া ও নাইজেরিয়া এ-সংক্রান্ত চুক্তি থেকে নিজেদের বিরত রেখেছে। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ দুটির তেল উৎপাদন দীর্ঘদিন ব্যাহত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশ দুটিতে তেল উৎপাদন বেড়েছে। এ কারণে বাজার নিয়ন্ত্রণে উৎপাদন সীমিত করার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
ওপেক আগামী বছরের মার্চ পর্যন্ত তেল উৎপাদন সীমিত রাখার কথা জানিয়েছে। তবে উৎপাদন সীমিত রাখায় মার্কিন শেল অয়েল (পাথুরে তেল) উৎপাদকরা লাভবান হচ্ছেন বলে মনে করছেন অনেকে। এ কারণে দেশটিতে সক্রিয় তেলকূপের সংখ্যাও বেড়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে। পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যান্য জ্বালানিপণ্যের মধ্যে গ্যাসোলিনের দাম ১ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৬৪ ডলারে লেনদেন হয়। আইসিইতে গ্যাস অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি টনপ্রতি ৪৯১ দশমিক ৫০ ডলারে হাতবদল হয়। প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটির প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিট ২ দশমিক ৯১ ডলারে হাতবদল হয়।