‘আপনার নাতনির নামও সোফিয়া’




তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের মঞ্চে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হল বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়ার। এই মেলায় এসে সে জানিয়ে দিল প্রধানমন্ত্রীর নাতনির সাথে তার নামের মিলের ব্যাপারে।
প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনের সময় সোফিয়া বলে, আমি জানি, আপনার নাতনির নামও সোফিয়া।
হলুদ-সাদা জামদানির টপ আর স্কার্ট পরে মঞ্চে এসেছিল হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি রোবট সোফিয়া। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরনেও ছিল হলুদ শাড়ি। দুজনের আলাপ চললো ইংরেজিতে।
শুরুতেই সম্ভাষণ জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, “হ্যলো সোফিয়া, কেমন আছ।”
জবাবে সোফিয়া বলল- “হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, আমি গর্ব অনুভব করছি। আপনার সাথে আজকের এই সাক্ষাৎ দারুণ ব্যাপার।”
এই রোবট মেয়ে তাকে চিনলে কী করে- সে কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী।
সোফিয়া বলল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তা সে জানে। শেখ হাসিনাকে যে বিশ্বে এখন ‘মাদার অব হিউম্যানিটি’ বলা হচ্ছে, তার উদ্যোগেই যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তাও তার জানা। প্রধানমন্ত্রীর নাতনির নাম যে তার মতই সোফিয়া- তাও তার অজানা নয়।
চমৎকৃত প্রধানমন্ত্রী এ সময় অনুষ্ঠানের অতিথিদের জানালেন, তার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেয়ের নামও সোফিয়া। এরপর সোফিয়াকে তিনি বললেন, “তুমি তো আমার এবং আমার ভিশন সম্পর্কে অনেক কিছু জানো। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তুমি কী জানো?”
জবাবে ডিজিটাল বাংলাদেশ উদোগ নিয়ে নিজের যান্ত্রিক মস্তিষ্কে সঞ্চিত তথ্য তুলে ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট।
আজ বুধবার প্রধানমন্ত্রী বক্তৃতা পর্ব শেষে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রোবোটিক্সের সমন্বয়ে গড়া মেলায় অতিথি হিসেবে আগত রোবট ‘সোফিয়ার’ সঙ্গে কথপোকথন করে ট্যাব চেপে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য লেজার শো অনুষ্ঠিত হয়।
কয়েকটি আইটি সংগঠনের সহযোগিতায় আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর আয়োজন করেছে। চার দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে- ‘রেডি ফর টুমরো’। গত ৯ বছরেরও বেশি সময়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের যে অর্জন তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এই প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়েছে।
তথ্য প্রযুক্তি (আইটি) খাতে সম্ভাবনার দুয়ার খোলার লক্ষ্যে এ মেলায় প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হবে। গেমিং সম্মেলন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি, ই-কমার্স সম্প্রসারণ বিষয়ক সেমিনারসহ মেলায় প্রতিদিন অনুষ্ঠেয় বিভিন্ন সেমিনারে তথ্য প্রযুক্তি খাতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এই মেলার বড় চমক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়ার উপস্থিতি। মেলার প্রথম দিন অর্থাৎ কেবল আজই এই সোফিয়ার দেখা পাবেন দর্শনার্থীরা। হংকংয়ের হ্যানসেন রোবটিক্সের তৈরী এবং সোদি আরবের নাগরিকত্ব লাভকারি রোবট সোফিয়া ‘টেক-টক উইথ সোফিয়া’ নামের একটি সেমিনারে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং বাংলাদেশ সফটওয়্যার ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি ও বিজয় সফটওয়ারের প্রবক্তা মোস্তফা জব্বার। আইসিটি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনিতিকবৃন্দ, মেলায় অংশগ্রহণকারি বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং কম্পিউটার খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ৯ ডিসেম্বর পর্যন্ত মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন; সন্ত্রাসী কনটেন্ট অপসারণে ফেসবুকের অগ্রগতি 
জানুয়ারিতে আসছে ফোর-জি   
বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ মার্চে   
এখন বিটকয়েনের দাম ১০ হাজার ডলার!  
বাংলাদেশে আসছে নারী রোবট ‘সোফিয়া’