লেখক: কাজী মনির
ডা: পারভেজ এম.বি.বি.এস পাস করার পর, বিদেশে গিয়ে এফ.আর.সি.এস-এ অত্যন্ত ভালো রেজাল্ট করার কারণে, সেখানেই তার চাকরি হয়েছিল। বিদেশে চাকরি না করে দেশে আসার পর, রাজধানীতে নাম করা ছয়ছয়টি হাসপাতালেও তার চাকরি হয়েছিল। সবকিছু অগ্রাহ্য করে, নীলফামারীর অত্যন্ত অভাবগ্রস্থ্য এলাকা ‘জলঢাকা’ এলাকার এক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার কাজে আত্মনিয়োগ করে।
বাবা মায়ের একমাত্র স্বপ্ন ছিল, সে ডাক্তার হবে এবং অসহায়, দুস্থ মানুষের সেবা করবে। মেডিকেলে ভর্তির পর বাবা মারা যায় আর এম.বি.বি.এস পাস করার পর মারা যায় মা! দু’জনেরই মৃত্যুকালের অসিয়ত ছিল, টাকার জন্য পারভেজ যেন অসহায় মানুষদের ছেড়ে বড় লোকদের ডাক্তার না হয়। পারভেজ বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্যই জলঢাকার অসহায় মানুষের ডাক্তার।
বিগত দুই বছর সে অত্র এলাকায় রোগীর চিকিৎসার পাশাপাশি, রোগ প্রতিরোধ প্রকল্প তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আসের্নিকমুক্ত পানি, পানি ফিলটার করে জীবানু নাশ, ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে এলাকার মানুষকে সচেতন করার কাজে সে তৎপর। অবশ্য সাফল্যও এসেছে অনেক!
এক বছর আগের থেকে এখন এলাকা অনেক উন্নত। উপজেলা জেলা এবং বিভাগ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, নেতাদের নিজ উদ্যোগে এলাকায় নিয়ে এসে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা তাদের কাছে তুলে ধরেছে পারভেজ। ফলে টিউব ওয়েল, সেনেটারী পায়খানা, বিনা পয়সায় ঔষধ, কয়েক প্রকার স্যালাইন ইত্যাদি দ্বারা দরিদ্র মানুষের চাহিদা পূরণ হয়েছে। এখন আর এলাকার মানুষ পুকুরের পানি খায় না, রাস্তায় মাঠে ঘাটে যেখানে সেখানে পায়খানা করে না। এছাড়াও বয়স্কদের জন্য নাইটস্কুলসহ নিরক্ষতা দূরীকরণ প্রকল্পও আছে।
এলাকার ছেলে বুড়ো নারী পুরুষ সবার কাছে ডা: পারভেজ সম্মানের, শ্রদ্ধার, ভালবাসার। মুরুব্বীরা চার পাঁচজন এক জায়গায় বসলে ডা: পাভেজের প্রশংসায় মেতে ওঠে, তারা বলে বড় খাঁ সাহেব-এর অভাব আল্লাহ ডা: পারভেজ কে দিয়ে পুরন করেছেন। বড় খাঁ সাহেবের জন্যএলাকার বয়স্ক মানুষের মন এখনও কাঁদে। কেউ কেউ পারভেজকে স্নেহভরে ডাকে বড় খাঁ সাহেব ।
এলাকার আদি জমিদার পরিবার হলো এই খাঁ পরিবার। খাঁ সাহেবের দুই ছেলের মধ্যে বড় ছেলে হলেন বড় খাঁ সাহেব। যিনি সমাজ ও মানুষের কাজে ব্যস্ত থাকার কারণে বিয়ে করেছিলেন অনেক দেরিতে। ছোট খাঁ সাহেবের একমাত্র ছেলের বয়স যখন নয় বছর, তখন বড় খাঁ সাহেব বিয়ে করেন। দুই বছর পর একটা মেয়ে জন্মগ্রহণ করে কিন্তুু মায়ের বুকের দুধ তার ভাগ্যে জোটেনি। ডেলিভারীর পরপরই বড় খাঁ সাহেবের স্ত্রী মারা যান। বড় খাঁ সাহেব সেই থেকে আর বিয়ে করেননি। মেয়ের বয়স যখন এগারো বছর, তখন বড় খাঁ সাহেব মারা যান। মৃত্যুর আগে তার যাবতীয় সহায়-সম্পদ মেয়ের নামে উইল করে যান এবং ছোট ভাই এর হাতে মেয়েকে দিয়ে অনুরোধ করে যান। তার এতিম অসহায় মেয়েকে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত করে এবং মেয়ের পছন্দমত বিয়ে দেন। সেই থেকে আজ পর্যন্ত মেয়ে ছোট চাচার কাছেই লালিত-পালিত হচ্ছে।
মেয়েটি এইচ.এস.সি তে গোল্ডেন এ পাওয়ার পরও কোথাও ভর্তি হতে পারে নাই। হঠাৎ করেই এলাকায় কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তার মধ্যে বড় খাঁ সাহেবের মেয়ে মাহমুদাও জড়িয়ে পড়েছে।
মাহমুদা সামাজিক উন্নয়ন কর্মে ডা: পারভেজের সহযোগী হিসাবে, সব খানে ডা: পারভেজের পাশে থাকতো। এলাকার শিক্ষিত মেয়েরা এবং নারী মহল মাহমুদাকে পেয়ে খুবই আনন্দিত ছিল। নারীদের আত্মরক্ষা, নারী অধিকার বিষয়ক বেশ কয়েকটা সভা সেমিনার করেছে মাহমুদা। তার সকল আয়োজনে সহযোগিতা করেছে ডা: পারভেজ। মাহমুদা আর ডা: পারভেজের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকায় নারী শিক্ষা, বয় ̄‹ শিক্ষাসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মকান্ডে মাত্র আড়াই বছরে জলঢাকা এলাকায় উন্নতির জোয়ার বইছিল।
হঠাৎ ঝড়ে বাতি নিভে গেলে যেমন চারপাশ অন্ধকার আর নিকষ কালো হয়ে যায়। এলাকাটা হঠাৎ করেই যেন তেমনটি হয়ে গেছে। ডা: পারভেজ এখন জেল হাজতে। এলাকার তিনটি কুমারী মেয়েকে সে ধর্ষণ করেছে এবং গর্ভপাত ঔষধ খাওয়ায়ে গর্ভপাত ঘটিয়েছে। মেয়ে তিনটি কোর্টে ডা: পারভেজের বিরুদ্ধে এ সব অভিযোগ করেছে। পুলিশ ডা: পারভেজের অফিস ও বাসায় নিষিদ্ধ ঔষধসহ নেশা জাতীয় ঔষধ পেয়েছে। তার নামে নারী ধর্ষণ ও নির্যাতন এবং মাদক চোরাচালানী হিসেবে মামলা হয়েছে। ডা: পারভেজ মাহমুদাকে ধর্ষণ করেছে আজ থেকে সাত মাস আগে। সেই থেকে মাহমুদা জমিদার বাড়ির বাইরে বের হয় না।
মাহমুদাকে কয়েকদিন আগে শহরের হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়া হয়েছিল, সেখানে সে একটি মৃত পুত্র সন্তান প্রসব করে, তাকেও নাকি ডা: পারভেজ গর্ভপাত ঔষধ খাইয়েছিল যার ফলে এই অকালে গর্ভপাত। প্রচুর র৩ক্ষরণ আর মানিসিক ভারসাম্য হারিয়ে মাহমুদা এখন মারাত্মক অসুস্থ। বংশের মানমর্যাদা রক্ষার জন্য ছোট খাঁ সাহেব ও তার ছেলে বাড়ীতে রেখেই চিকিৎসা করছে। আগামীকাল কোর্টে মাহমুদাকে হাজির করা হবে। নিজ মুখে জবান বন্দী দেওয়ার জন্য।
চলবে…
এছাড়াও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
