বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ায় কয়লার বৈশ্বিক ব্যবহার কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) ‘কোল ২০১৭’ শীর্ষক সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০২২ সাল নাগাদ পণ্যটির বৈশ্বিক ব্যবহারে গতি কমে আসবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
কয়লার বৈশ্বিক ব্যবহার নিয়ে প্রতি দুই বছর অন্তর প্রতিবেদন প্রকাশ করে আইইএ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ২০১৬ সালে কয়লার বৈশ্বিক ব্যবহারের প্রতিবেদন। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময় বিশ্বব্যাপী প্রায় ৫৩৫ কোটি ৭০ লাখ টন কয়লা ব্যবহার হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম।
গত শতকের নব্বইয়ের দশকের শুরুর সময়ের পর ২০১৩-১৪ সালে কয়লার বৈশ্বিক ব্যবহার প্রথমবারের মতো কমেছিল। এরপর জ্বালানি পণ্যটির ব্যবহারে নিম্নমুখী প্রবণতা দ্বিতীয় বছরের মতো বজায় রয়েছে।
২০১৩-১৪ সালের তুলনায় এ সময় কয়লার বৈশ্বিক ব্যবহার ৪ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সাল নাগাদ কয়লার বৈশ্বিক ব্যবহার বর্তমানের তুলনায় বেড়ে দাঁড়াতে পারে ৫৫৩ কোটি টনে, যা গত পাঁচ বছর পণ্যটির গড় বৈশ্বিক ব্যবহারের সমান। অর্থাত্ আগামী অর্ধ দশকে জ্বালানি পণ্যটির বৈশ্বিক ব্যবহার প্রবৃদ্ধি খুব একটা গতিশীল হবে না বলে মনে করছে আইইএ।
২০১৬ সালে কয়লার ব্যবহার কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো কয়লার বৈশ্বিক চাহিদার ৬ শতাংশ ব্যবহার করে। ব্রিটেনে কয়লা ব্যবহার কমেছে আগের বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি। ২০১২ সালে ব্রিটেনে মোট বিদ্যুত্ উৎপাদনের ৪০ শতাংশ কয়লাভিত্তিক ছিল। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এর পরিমাণ মাত্র ২ শতাংশে নেমে এসেছে। এরই মধ্যে দেশটিতে আটটি কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।
ইইউভুক্ত দেশগুলোয় কয়লার সম্মিলিত চাহিদার অর্ধেকের বেশি ব্যবহার করে পোল্যান্ড ও জার্মানি। ২০২২ সাল নাগাদ পোল্যান্ডে কয়লা ব্যবহার স্থিতিশীল থাকলেও জার্মানিতে কমে আসতে পারে। পরিবেশ দূষণে ভূমিকা থাকার কারণে কয়লাভিত্তিক বিদ্যুত্ উৎপাদন কেন্দ্রগুলোর বিরুদ্ধে ইউরোপের দেশগুলোয় জনমত তৈরি হয়েছে। এ কারণে এসব দেশের নীতিনির্ধারকরা বিদ্যুত্ উৎপাদনে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার ক্রমে কমিয়ে আনার নীতি নিয়েছেন।
এতদিন যুক্তরাষ্ট্রের বিদ্যুত্ উৎপাদন কেন্দ্রগুলোয় জ্বালানি চাহিদার সিংহভাগ পূরণ করা হতো কয়লা ব্যবহারের মাধ্যমে। গত বছর প্রথমবারের মতো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া জ্বালানি পণ্যের তালিকায় প্রাকৃতিক গ্যাসের নাম উঠে এসেছে। একইভাবে কানাডা ও চীনেও পণ্যটির ব্যবহার আগের তুলনায় নিম্নমুখী ছিল। পাওয়ারিং পাস্ট কোল অ্যালায়েন্সের আওতায় ব্রিটেন, কানাডা, ইতালি, ফ্রান্স, মেক্সিকো, নিউজিল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইথিওপিয়াসহ মোট ১৫টি দেশ ২০৩০ সাল নাগাদ বিদ্যুত্ উৎপাদনে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বব্যাপী অধিকাংশ দেশ কয়লা থেকে মুখ ফিরিয়ে নিলেও এ সময় ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় জ্বালানি পণ্যটির ব্যবহার বেড়েছে।
২০২২ সাল নাগাদ ভারতে কয়লাভিত্তিক বিদ্যুত্ উৎপাদনের পরিমাণ বর্তমানের তুলনায় ৪ শতাংশ বাড়তে পারে। আইইএর প্রতিবেদন অনুযায়ী, ২০৪০ সাল নাগাদ ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় কয়লার সম্মিলিত ব্যবহারের পরিমাণ চীনকে ছাড়িয়ে যাবে। আর এ ব্যবহারের সিংহভাগই হবে বিদ্যুত্ উৎপাদন খাতে। পরিবেশ সুরক্ষা নিয়ে সমালোচনা সত্ত্বেও ২০৪০ সাল নাগাদ এ অঞ্চলের দেশগুলোয় আরো ১০০ গিগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত্ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
