আতঙ্ক তৈরি করতে কার্যত উঠে-পড়ে লেগেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। রক্তমাখা মুখ, বিশাল নখ নিয়ে বার বার হাজির হচ্ছেন তিনি। । ‘ফিলাউরি’ ছবিতে যতটা আদুরে লেগেছিল ‘ভূত’ আনুশকাকে, নতুন সিনেমা ‘পরী’তে ঠিক ততটাই ভয়াবহ লাগছে তাকে।
গলা টিপে ধরছেন সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের— এমন নানা দৃশ্যে নতুন মুক্তি পাওয়া টিজার যেন আরও ভয়ঙ্কর। আনুশকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই টিজার।
ছবির প্রথম ঝলক মুক্তির সময়ই ‘পরী’ যে কোনও রূপকথার গল্প নয়, তা জানিয়ে দিয়েছিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার ও টিজার শেয়ার করে ইঙ্গিত দিয়েছিলেন এ বারের দোলটা একটু অন্য রকম হতে চলেছে। লাল-নীল সুবাসিত ফুলের আবির-রঙা নয়, বরং রক্ত-আতঙ্ক এবং গা ছমছমে পরিবেশ দর্শকদের ভয় দেখাবে বলে জানিয়েছিলেন নায়িকা। নতুন টিজারে সে কথাটাই যেন আরও স্পষ্ট করে বোঝালেন।
প্রযোজক হিসেবেও ইন্ডাস্ট্রিতে দক্ষতার প্রমাণ দিয়েছেন আনুশকা শর্মা। ‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’র পর প্রযোজক হিসেবে তাঁর তৃতীয় ছবি ‘পরী’। নিজের জন্মদিনেই এই খবর কনফার্ম করেছিলেন তিনি। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী। ছবির পরিচালক প্রসিত রায়।
