ইউডা ফার্মেসি বিভাগের বসন্ত বরণ উৎসব




সাকিব আহমেদ
শীতের রুক্ষতাকে বিদায় দিয়ে, বসন্তকে আপন করে নেওয়ার চেষ্টা চলছে দেশজুড়ে। আজ পহেলা ফাল্গুন। বসন্তের শোভায় নতুন সাজে সাজবে প্রকৃতি, এই প্রত্যাশা নিয়ে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে প্রানের ঋতু বসন্তকে।
নতুন রূপের এ প্রকৃতিকে বরণ করে নিতে পিছিয়ে নেই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ফার্মেসি বিভাগও। প্রথমবারের মত এ বিশ্ববিদ্যালয় আয়োজন করে বসন্ত বরণ উৎসব। লালমাটিয়ার ফার্মেসি বিভাগের ক্যাম্পাস প্রাঙ্গন যেন উৎসবের প্রাণ কেন্দ্র।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, এদিন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। প্রাক্তন শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তাদের আগমন এবং উৎসাহের কমতি ছিলনা অনুষ্ঠান জুড়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রেসিডেন্ট, ফার্মেসি বিভাগের প্রধানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কৌতুক ছিল এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
এছাড়াও দেশীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলের আয়োজন করে। সেখানে উল্লেখযোগ্য ছিল দেশীয় পণ্য যেমন শাড়ী, চুড়ি, তেমনি ছিল শীতকালীন বিভিন্ন পিঠাপুলির ধুম।
শিক্ষার্থীদের সাথে শিক্ষকমন্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার অন্যতম দৃষ্টান্ত উপস্থাপন করে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বসন্ত বরণ উৎসব।