চীন-ভারতকে আলোচনায় বসাতে চায় পেন্টাগন




চলমান উত্তেজনা নিরসনে ভারত ও চীনকে সরাসরি আলোচনায় বসাতে উৎসাহ দিচ্ছে পেন্টাগন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যারি রস।
গ্যারি বলেন ‘চলমান উত্তেজনা নিরসন এবং দমনমূলক আচরণ থেকে সরে এসে সরাসরি আলোচনা করতে আমরা ভারত ও চীনকে উৎসাহ দিচ্ছি।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রায় একই বিবৃতি দেয়। তবে পেন্টাগন উত্তেজনা নিরসন এবং দমনমূলক আচরণ থেকে সরে এসে সরাসরি আলোচনা করতে ভারত ও চীনকে উৎসাহ দিয়েছে।
সাম্প্রতিক কয়েক বছরে চীনের প্রায় সব প্রতিবেশী দেশ বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, বেইজিং সীমান্তে উত্তেজনা তৈরিতে দমনমূলক কৌশল নিচ্ছে। এ মাসের শেষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেইজিংয়ে ব্রিকসের বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। এই সফরকালে দোভাল চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তবে চীন ও ভারতের মধ্যে কারও পক্ষ নেননি রস। পেন্টাগন চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছে কি না, এমন প্রশ্নের উত্তরে রস বলেন, ‘আমরা ভারত ও চীনকে সরাসরি সংলাপে অংশ নিতে উত্সাহিত করছি। আমরা এই ধরনের বিষয় নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।’