পেরুতে যাত্রীবাহী বাস খাদে; নিহত ৪৪




পেরুর দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা।
এ বিষয়ে আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, “পেরুর জাতীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।”
বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো; কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পুলিশ। যাত্রীর সংখ্যা আরো বেশি হবে বলে মন্তব্য পুলিশের। তাদের যুক্তি, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্ট্রারে তাদের উল্লেখ নেই।
পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। এর জন্য দেশটির অনিরাপদ সড়ক ও চালকদের দক্ষতার অভাব দায়ী বলে মনে করা হয়। এর আগে জানুয়ারির প্রথমদিকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছিল।
এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।