এমন মিথ্যে অপপ্রচারগুলো বন্ধ করুন




সাকিব আহমেদ
গতবছরের ঘটনা। সাকিব আল হাসানের সাথে সম্পর্কিত একটি স্থির আলোকচিত্র ঘুরে বেরিয়েছিল অনলাইন গণমাধ্যম জুড়ে। আলোকচিত্রটিতে দেখা যায় কোনো এক অনুষ্ঠানে সাকিব ও তার সহধর্মিনী শিশির খাবার গ্রহণ করেছিলেন। তাদের বাসার কাজের মেয়েটি সাকিব-শিশিরের একমাত্র মেয়ে আলায়নাকে নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে।
সাথে সাথে ছবিটি ভাইরাল হয়ে যায়। আলোচনা সমালোচনায় জর্জরিত হয় সাকিব আল হাসানের পরিবার। কিন্তু আমরা বুঝতে চেষ্টা করিনি যে সেটা কেবলই এক আলোকচিত্র। এর আগে পরে আর ঘটনা থাকতে পারে।
সে যাত্রায় সাকিব রক্ষা পেয়েছিল সহধর্মিনী শিশিরের কল্যাণে। শিশিরের ফেসবুক টাইমলাইনে আগে পরের অনেক ছবি দেখা যায়। যেখানে লক্ষণীয় ছিল, শিশির দম্পতির আহার গ্রহণের আগেই তাদের সন্তানের দেখভাল করা সেই মেয়েটির খাদ্য গ্রহণ শেষ হয়ে যায়।
সে যাই হোক, মূল ঘটনায় আসা যাক। গতকাল অনলাইন এক গণমাধ্যম দাবি করে নব্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ তার স্ত্রীকে পেটান। সে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে ততক্ষণে।
আসলেই কি তাসকিন বউ পিটিয়েছিলেন? বিয়ের পর যেই ব্যক্তি তার মেয়ে সমর্থকদের বলেন, “মেয়ে ফ্যান তো হয়েছে তাসকিন আহমেদ হওয়ার পর। ‘ও’ তো ছিল তাজিম থেকে।” সেই মানুষটি তাঁর স্ত্রীকে পিটিয়েছেন বিশ্বাস করা দায়।
সে বিশ্বাস বা ভুল বিশ্বাস সব সংশোধনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং তাসকিন আহমেদ নিজেই। তাঁর নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে এমন ঘটনার ভিত্তি নেই বলে জানিয়েছেন তিনি। সেই সাথে এমন মিথ্যে অপপ্রচার না করার জন্য অনুরোধ করেন।
“একটা বিষয় আমাকে এবং আমার পরিবার কে খুব মর্মাহত করেছে।আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়। গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিক ভাবেই কিছুটা খারাপ,জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারনে আমার পরিবার কে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।”
এছাড়াও তিনি তাঁর ভক্ত সমর্থকদের কাছে দোয়া চান, যাতে আবার লাল-সবুজের জার্সি গায়ে নামতে পারেন, “দয়া করে আমার এবং আমার পরিবার কে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি….”
শেষে একটাই কথা বলব। তাঁরা সেলিব্রিটি, কিন্তু তাঁদেরও ব্যক্তিগত জীবন আছে। সে নিয়ে এমন মিথ্যা অপপ্রচারমূলক সংবাদ কারো কাম্য নয়। আপনার একটি সংবাদ হয়ত তাদের অনেক বেশি ছোট, অপমান করে দিতে পারে। তাই সংবাদ গঠনে সচেতন হোন।