প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজদের আমরা প্রশ্রয় দিতে চাই না। দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আমার কোনো নেতা বা মন্ত্রী, এমপি কারও বিষয়ে তাদের সন্দেহ হলে তারা ডেকে নিয়ে প্রশ্ন করতে পারে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করি না, হস্তক্ষেপ করব না। কারও দুর্নীতি প্রমাণিত হলে সে সাজা পাবে।’
আজ বুধবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বুধবার বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশনের শেষ দিনের বৈঠক শুরু হয়। ৩৫ কর্মদিবসের এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২৩৩ জন সংসদ সদস্য মোট ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন।
বিএনপির গঠনতন্ত্রের একটি ধারা সংশোধনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজদের পদে থাকার সুযোগ করে দিয়েছে। এর মানে তারা দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছে। আসামিকে দলের নেতা হিসেবে মেনে নিয়েছে।
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘যারা গঠনতন্ত্রে দুর্নীতিকে আশ্রয় দেয়, আর দুর্নীতিবাজকে নেতা হিসেবে গ্রহণ করে, তারা জনগণের জন্য কী কাজ করবে?’ পরক্ষণে প্রধানমন্ত্রীই নিজের প্রশ্নের জবাব দেন, তারা লুটপাট করতে পারবে। মানুষ খুন করতে পারবে। দুর্নীতি করতে পারবে, কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, তাঁরা চান দেশে সুস্থ রাজনীতি থাকবে। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে।
খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাঁর ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, একজন সাজাপ্রাপ্ত হয়ে জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন সাজাপ্রাপ্তকে দায়িত্ব দিল, তিনি আবার দেশেও থাকেন না, পলাতক।
সংসদ নেতা বলেন, ‘বাংলাদেশে বিএনপিতে কী একজনও ছিল না, যাকে দায়িত্ব দিতে পারে? অবশ্য বোধ হয় খালেদা জিয়া একটি জিনিস বুঝতে পেরেছেন, যাঁদের দেবেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা আছে। কোনোটা স্থগিত, কোনোটা জামিনপ্রাপ্ত। দেখছে সবাই দুর্নীতিগ্রস্ত। সবার নামে মামলা। সেটা বুঝে থাকলে আমি বলব ঠিক আছে। এই যদি রাজনৈতিক দলের অবস্থা হয়, তাহলে সেই দল দেশকে কী দেবে?’
এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সব কাগজ পরীক্ষা করেছে। সব শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে, তারা টাকা পায় কি না। এতটুকু ফাঁক পায় কি না, সে চেষ্টা করেছে। কিন্তু কোনো ফাঁক পায়নি।
প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। তিনি সেগুলো প্রত্যাহার করতে বলেননি। তিনি বলেছিলেন, প্রত্যেকটা মামলার তদন্ত হবে। একটিরও যদি সত্যতা পাওয়া যায় তিনি বিচারের মুখোমুখি হবেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঈনুল হোসেনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এক ভদ্রলোক এখন দেখি অনেক বড় বড় কথা বলেন। বেশ জ্ঞানী–গুণী। তিনি খুব আহত হয়েছিলেন, আমি পার্লামেন্টে একটি গল্প বলেছিলাম। সার্কাসের এক গাধার গল্প। তিনি সেই জন্য বেশ দুঃখিত। আমি দেখলাম, অনেক সময় টেলিভিশন টকশোতে বলেন, তাদের মতো শিক্ষিত লোকদের নাকি গাধা বলা হয়েছে। আমি তো একটা গল্প বলেছি। এতে কারও যদি আঁতে লাগে আর সে যদি নিজেকে গাধা মনে করে, আমার কিছু করার নাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঈনুলের নাম উল্লেখ না করে বলেন, সেই ভদ্রলোকও খুনি হুদা আর পাশাকে নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে একটি রাজনৈতিক দলও করেছিলেন। মঞ্জু ভাই (মঈনুল হোসেনের ভাই পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু) ভালো বলতে পারবেন।
