পুলিশের সামনেই জাফর ইকবালের উপর হামলা




সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছুরিকাঘাতের শিকার হয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তার পিছনেই দাঁড়িয়ে ছিলেন।
গতকাল শনিবার পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে জনপ্রিয় এই লেখককের উপর হামলা হয়।
ঘটনা প্রত্যক্ষকারী ছাত্ররা হামলাকারী যুবককে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই যুবককে শিক্ষা ভবনের একটি কক্ষে রাখেন। ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪) নামের ওই যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই।
ছুরিকাঘাতে আহত হয়েও জাফর ইকবাল স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। ছুরিকাঘাতের পরপরই তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আই অ্যাম অলরাইট, তোমরা উত্তেজিত হয়ো না। হামলায় জাফর ইকবালের মাথায় চারটি আঘাত এবং বাঁ হাত ও পিঠে ছুরিকাঘাতের জখম পেয়েছেন চিকিৎসকরা। ২৫ থেকে ২৬টি সেলাই পড়েছে তার শরীরে। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে।
পুলিশি নিরাপত্তার মধ্যেই কীভাবে এই হামলা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এদিকে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে তাৎক্ষণিক মশাল মিছিলের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, অধ্যাপক জাফর ইকবাল যেকোনো সংকটাপন্ন পরিস্থিতিতে নির্বিঘ্নে তরুণদের পক্ষ নিয়েছেন। তাঁর ওপর হামলা মুক্তবুদ্ধির আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রের প্রক্রিয়ার অংশ।
এছাড়া জাফর ইকবালের সুচিকিৎসা ও তাঁর ওপর হামলার মূল হোতাদের খুঁজে বের করার দাবিতে তিনি কাল রোববার বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।