তুমব্রু সীমান্তে ফের সেনাসমাবেশ ঘটিয়েছে মিয়ানমার




আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আবার সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের শূন্যরেখার কোনারপাড়া অংশে পাঁচ শতাধিক সেনা ও বিজিপি সদস্য হাজির হন। তারপর তাদের একটি অংশ কাঁটাতারের বেড়ার পাশে (মিয়ানমার অংশে) টহল শুরু করে।
কিছু সেনাসদস্য কাঁটাতারের পাশের পাহাড়ে চৌকিতে অবস্থান নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে অস্ত্র তাক করে থাকেন। এ সময় পাহাড়ের ঢালুতে কিছু লোককে বালুর বস্তা ফেলে পরিখা ও মাটি খনন করে বাংকার তৈরি করতে দেখেছেন শূন্যরেখার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তবে বেলা দেড়টার দিকে টহলরত সেনা ও বিজিপি সদস্যরা পাহাড়ে ঢুকে পড়েন।
এক দিন বিরতি দিয়ে সীমান্তে আবারও সেনাসমাবেশ ঘটানোয় শূন্যরেখার রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রোববারও শূন্যরেখার আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের চলে যাওয়ার জন্য তিন দফা মাইকিং করে সতর্ক করেছে মিয়ানমার। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেনি।
বিজিবি ও শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গারা জানান, সকালে সমবেত হওয়া সেনারা বেলা দেড়টার দিকে পাহাড়ের উল্টো দিকে চলে যায়। আধা ঘণ্টা পর সেনাবাহিনীর আরেকটি দল এসে সেখানে অবস্থান নেয় এবং বিকেল চারটার দিকে তাঁরাও চলে যান। সন্ধ্যা ছয়টার দিকে আসে সেনাবাহিনীর আরও একটি দল। তাঁরা শূন্যরেখার আশ্রয়শিবিরের পেছনে তৈরি কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে এ পাড়ের পরিস্থিতি নজরদারি করেছেন। সন্ধ্যা পর্যন্ত রোহিঙ্গাদের সতর্ক করে তিন দফায় মাইকিং করা হয়।
এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষ সেনাসমাবেশ ঘটায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়ার পাশের সড়কে (মিয়ানমার অংশে) এবং পাহাড়ি চৌকিতে (কাঁটাতারের বেড়ার ১৫০ গজের মধ্যে) ভারী অস্ত্র নিয়ে পাহারা দিতে দেখা যায় দেশটির তিন শতাধিক সেনাকে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। শুক্রবার বিকেলে ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু এলাকায় বিজিবি এবং বিজিপির মধ্যে দেড় ঘণ্টা পতাকা বৈঠক হয়। এরপর সীমান্তে উত্তেজনা কমে আসে।