সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘাঁটি পূর্ব গৌতায় রোববার সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রহমান জানান, পূর্ব গৌতায় আসাদ বাহিনীর রকেট হামলায় ৩৪ বেসামরিক লোক নিহত হয়েছে।’
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে।
পূর্ব গৌতায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আসাদ এ ঘোষণা দেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
”সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবো আমরা। গৌতায় অভিযান সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধেরই ধারাবাহিকতা,” বলেছেন তিনি।
পূর্ব গৌতায় সরকারি বাহিনীর অগ্রযাত্রার মধ্যেই এলাকাটিতে অভিযান অব্যাহত রাখার এ ঘোষণা দিলেন প্রেসিডেন্ট আসাদ।
সরকারি বাহিনীর সাম্প্রতিক এ অভিযানকে সিরিয়াজুড়ে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী হিসেবে অভিহিত করছেন পশ্চিমা পর্যবেক্ষকরা; স্থানীয় একটি বিদ্রোহী গোষ্ঠী একে ’পৃথিবী ঝলসে দেওয়া’ অভিযান হিসেবেও বর্ণনা করেছে।
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরীয়জুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এই যুদ্ধবিরতির আওতায় সিরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলা অভিযানগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
পূর্ব গৌতার নিয়ন্ত্রণে থাকা অন্যতম বিদ্রোহী গোষ্ঠী সৌদিপন্থি জয়স আল ইসলাম ও আল কায়দার সিরিয়া শাখা হিসেবে পরিচিত তাহরির আল শামকে জঙ্গিগোষ্ঠী হিসেবে বিবেচনা করে সিরিয়া ও রাশিয়া।
এ কারণে যুদ্ধবিরতি সত্বেও পশ্চিমা দেশগুলোর চাপ উপেক্ষা করে আসাদবাহিনী পূর্ব গৌতা পুনরুদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে।
