‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি’




প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। বাংলাদেশ যেন কারও কাছে ভিক্ষা করে না চলে, তার ব্যবস্থা করছি। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ধরে নানা জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল আসে সোহরাওয়ার্দী উদ্যানে। এসব মিছিলে ছিল সভা উপলক্ষে তৈরি নানা প্রতিকৃতি ও পোস্টার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিবাহী পোস্টার ও প্রতিকৃতি ছিল অনেকের হাতে। বেলা দুইটার মধ্যে জনসমুদ্রে পরিণত হয় পুরো উদ্যান এলাকা।
আজ বেলা ৪টা ৪০ মিনিটে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। তিনি ছিলেন আজকের সভার সভাপতি। ৪০ মিনিটের ভাষণ তিনি বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের ইতিবৃত্ত, একাত্তরের মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ১৫ আগস্ট থেকে শুরু করে জেলহত্যার ঘটনা, পরের বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরেন। শেখ হাসিনার ভাষণের বড় অংশজুড়ে ছিল উন্নয়নের পথে এগিয়ে আসার আহ্বান।

 
৭ মার্চের ভাষণ উদ্‌যাপনে আওয়ামী লীগের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা ২টা ৩০ মিনিটে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তাঁকে সহযোগিতা করেন দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এরপর বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে এসে পৌঁছান। এ সময় সমাবেশে আসা নেতা-কর্মীরা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
৭ মার্চের জনসভা উপলক্ষে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা থেকে হাজার হাজার লোক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে। সমাবেশে আসা লোকজনের অনেকেই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। যদিও নিরাপত্তার কারণে কেউই এসব ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে যেতে পারেননি। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগের অনেকে লাল-সবুজ রঙের টি-শার্ট পরে মাথায় লাল-সবুজ টুপি পরে সমাবেশে যোগ দেন। অনেকে বঙ্গবন্ধুর ছবি-সংবলিত সাদা টি-শার্ট পরেও জনসভায় যোগ দেন। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মীরা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সমাবেশে যোগ দেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে থাকে। বেলা আড়াইটার দিকে সমাবেশের সামনের জায়গা লোকজনে ভরে যায়। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিক থেকে শুরু করে মাঠের বিভিন্ন জায়গায় লোকজন ছড়িয়ে পড়ে। তবে এই সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, সে তুলনায় লোক সমাবেশ আশানুরূপ হয়নি।