ডোনাল্ড ট্রাম্পের জেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনে পদত্যাগ করা উপদেষ্টাদের মধ্যে তিনিই সর্বশেষ জেষ্ঠ কোনো উপদেষ্টা। তবে তিনি কেনো হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেটা স্পষ্ট না হলেও বিশ্লেষকরা ধারণা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতার জেরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
খবরে বলা হয়েছে, ইস্পাত ও অ্যালুমিনিয়ানের ওপর শুল্ক ধার্য করার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার সঙ্গে একমত ছিলেন না গ্যারি কন। মুক্ত বাণিজ্যে বিশ্বাসী ও ওয়াল স্ট্রিটের ঘনিষ্ঠ ৫৭ বছর বয়সী গ্যারি কন, প্রভাবশালী গোল্ডম্যান স্যাক্স ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। একইসঙ্গে ট্রাম্পের নতুন ট্যাক্স নীতি বাস্তবায়নে তিনিই মুখ্য ভূমিকা পালন করেছেন।
পদত্যাগের ঘোষণায় গ্যারি কন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও কর নীতি সংস্কারের মতো কাজের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে আমি কৃতজ্ঞ। আমি তার মঙ্গল কামনা করি। একইসঙ্গে বর্তমান প্রশাসনের ভবিষ্যত আরো সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করি।
তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্যারি কন ট্রাম্পকে আগে থেকেই চলে যাওয়ার বিষয়ে জানিয়ে রেখেছিলেন।
অন্যদিকে বিবিসির বিশ্লেষক অ্যান্থনি জারকার মনে করেন, এই পদত্যাগ খুব বেশি চমকে যাওয়ার মতো নয়। ডেমোক্রেটিক শিবিরের গ্যারি কন কাজ করছিলেন একজন রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে। বিশ্বায়নে আস্থা রাখা কন যখন দেখেছেন ট্রাম্প রক্ষণশীল অর্থনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছেন, তখন তার সরে যাওয়াটাই স্বভাবিক।
তবে গ্যারি কনের পদত্যাগের ঘোষণার পরে ট্রাম্প এক বিবৃতিতে কনকে ‘বিরল প্রতিভা’ আখ্যা দিয়ে লিখেছেন, ঐতিহাসিক কর নীতি বাস্তবায়ন ও অর্থনৈতিক সংস্কারে তার ভূমিকা অসাধারণ।
