প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছি। উচ্চ শিক্ষা বৃক্তির ৭৫ ভাগই মেয়েরা পায়।”
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে নারী উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সমাজে যদি নারী পড়ে থাকে; তাহলে এই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে না। নারীদের অধিকার সুরক্ষিত করে তাদের অধিকার সৃষ্টি করে দেওয়া এবং সর্বক্ষেত্রে তাদের বিচরণ যেন নিশ্চিত হয়; সেটাই আমাদের লক্ষ্যে। আর সেই কাজটাই করে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে গেছি।
রাজনীতি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, ব্যবস্থা ও ক্রীড়াঙ্গনে নারীদের পদচারণার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সকল জায়গায় মেয়েরা কিন্তু তাদের স্থান করে নিয়েছে। একটু সাহসের সাথে এগিয়ে গেলেই কিন্তু স্থান করা যায়। মেয়েরা যখন কাজ করে; আমি মনে করি খুব ভালোভাবেই কাজ করে। তাদের দক্ষতা অনেক বেশি; কোনো সন্দেহ নাই।”
নারী শিক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাবা-মাও যখন দেখে যে, আমার মেয়ে লেখাপড়া শিখে সে যখন অর্থ উপার্যন করতে পারে, সংসারে সহযোগিতা করতে পারে; তখন আর বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করবে না।”
শেখ হাসিনা বলেন, “আর, বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে ছেলের বৌ যতটা না দেখে, মেয়েরা তার থেকে বেশি দেখে। এটাও বাবা-মার মনে রাখা উচিত, এটাও বাবা-মার চিন্তা করা উচিত। এটা খুব বাস্তব কথা আমি বললাম। অবশ্য মেয়েরাই তো কারো ছেলের বৌ হয়- সেটাও ঠিক। সেখানে আমি বলবো, আমাদের বোনদেরও সমানভাবে দেখা উচিত। বাবা-মা, শ্বশুর-শ্বাশুড়ি সকলের প্রতি সমানভাবে দায়িত্ব পালন করা উচিত।”
চারটা বিভাগে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিটি বিভাগে এই পলিটেকনিক ইন্সটিটিউট করবো। প্রতিটি বিভাগে আমরা মহিলা মহিলা কারিগরি স্কুল ও কলেজ আমরা প্রতিষ্ঠা করে দেব। সে ব্যবস্থাও আমরা নিয়েছি।”
প্রতিটি উপজেলায় সরকারি ট্রেনিং সেন্টার চালুর কথাও বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “৭০টি সরকারি ট্রেনিং সেন্টার-টিটিসি চালু হয়েছে। প্রতিটি উপজেলায় আমরা টিটিসি চালু করবো। এখানে ছেলে-মেয়ে উভয়েই পড়াশোনার সুযোগ পাবে।”
সব উপজেলায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরিতে ব্যবস্থা নেওয়ার কথাও বলে শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা শিক্ষানীতিতে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেছি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারী শিক্ষার্থীদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। কন্যা শিশুদের জন্য উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬০ ভাগ নারী।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই তার মা ফজিলাতুন নেসা মুজিব ও বেগম রোকেয়াকে স্মরণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এবং মহিলা ও নারী মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিশেষ অবদান রাখার জন্য পাঁচজন নারীর হাতে জয়ীতা সম্মাননা তুলে দেন।
