বরিশালের কীর্তনখোলা থেকে ৬ লাশ উদ্ধার




বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা দুদিন আগে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে নৌপুলিশ।
আজ শুক্রবার বেলা ১টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে। যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।
এর আগে বরিশালের চরবাড়িয়া থেকে চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার সময় বুধবার দুপুরে একটি ট্রলার ডুবে যায়। বাউনিয়া থানার এসআই সেলিম রেজা সেদিন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে একজনের নিখোঁজ থাকার কথা বলেছিলেন।
নিহতরা হলেন – গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ আলী (২৮), ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), আবদুল মালেকের ছেলে ইফতেখার (৯), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৪)।