জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা একটি বর্ণবাদী জিআইএফ খুঁজে পেয়েছেন। এর ফলে অ্যাপ দুটির কর্তৃপক্ষ সাময়িকভাবে জিফি জিআইএফ স্টিকার ফিচার বন্ধ করে দিয়েছে।
স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় তারা খুবই দুঃখিত। এর আগে স্ন্যাপচ্যাটে এ ধরনের জিআইএফ কখনো দেখা যায়নি। জিফির সঙ্গে তাদের টিম কাজ করছে, যাতে জিআইএফটি সরিয়ে ফেলা যায় এবং এটি কখনো দেখা না যায়। এমনটা আর ঘটবে না, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অ্যাপ থেকে জিফি সরিয়ে রাখবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট টেকক্রাঞ্চের তথ্যমতে, ইংল্যান্ডের ২১ বছর বয়সী এক স্ন্যাপচ্যাট ব্যবহারকারী প্রথম বর্ণবাদী অ্যানিমেশন শনাক্ত করেছেন। জিআইএফটিতে দেখা গেছে, কৃষ্ণাঙ্গদের অপরাধের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন এবং এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। একই ধরনের বর্ণবাদী জিআইএফ দেখা গেছে ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও।
ইনস্টাগ্রামের এক মুখপাত্র বলেন, ইনস্টাগ্রামে এ ধরনের কনটেন্ট থাকবে, এমন সুযোগ নেই। জিফি এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এ কারণে তারা জিআইএফ ফিচার বন্ধ রেখেছে।
