চতুর্থবারের মতো চ্যান্সেলরের দায়িত্বে মেরকেল




জার্মানির সংসদ গতকাল অ্যাঙ্গেলা মেরকেলকে পুনরায় চ্যান্সেলর পদে নিযুক্তি নিশ্চিত করেছে। নির্বাচনের পর প্রায় ছয় মাস ধরে জোট সরকার গঠনের সংগ্রাম করে মেরকেল চতুর্থ এবং সম্ভবত শেষ মেয়াদের জন্য ইউরোপের বৃহত্তম অর্থনীতিটির চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করলেন।
বার্লিনের কাচঘেরা রাইখসটাগে আইনপ্রণেতাদের ৩৬৪-৩১৫ ভোটে জয়লাভ করেন মেরকেল। নয়জন ভোট প্রদানের সময় অনুপস্থিত ছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টাইনমেয়ার।
গোপন ভোট পর্যালোচনায় দেখা যায়, তার নতুন ডান-বাম জোটের ৩৫ জন আইনপ্রণেতা মেরকেলের বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে তিনি মাত্র নয় ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
এটিকে বিরোধীদলীয়রা তার জোটের জন্য একটি ‘কঠিন শুরু’ বলে আখ্যা দিয়েছেন। অবশ্য জাতীয় কালো-লাল-সোনালি রঙের নেকলেস পরিহিত বুন্ডেসটাগ চেম্বারে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় মেরকেলকে। এ সময় তার সঙ্গে ছিলেন বিজ্ঞানী স্বামী ইয়াকিম সাউয়ের এবং ৮৯ বছরের মা হারলিন্ড কাসনার।
এদিন আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের ফলে নির্বাচনের পর যে চাপান-উতোর চলছিল, ১২ বছর চ্যান্সেলর থাকা মেরকেল সবচেয়ে গভীর সে সংকট কাটিয়ে আপাতত স্বস্তি পেতে যাচ্ছেন।
সেপ্টেম্বরের নির্বাচনের প্রাক্কালে এক ডানপন্থী পপুলিস্ট দলের উত্থানে সব মূলধারার দলের শক্তি কমে যায় এবং মেরকেলকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করে। এর ফলে তিনি মধ্য বামপন্থী-বাম সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডির) সঙ্গে একটি অস্বস্তিকর জোট করতে বাধ্য হন। এ জোটটিকে জার্মান ভাষায় বিদ্রূপ করে ‘গ্রোকো’ বলে সম্বোধন করা হচ্ছে। চলতি সপ্তাহে মেরকেলের নির্ধারিত ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী, এসপিডির ওলাফ শোলজ এক পর্যবেক্ষণে বলেন, এ মহাজোটটি ‘প্রেমের বিবাহের’ মতো শুরু করতে পারেনি। অবশ্য জোটের সব অংশীদার মধ্য মেয়াদে জোট ভেঙে যাওয়ার আশঙ্কা দূর করে দিয়ে ২০২১ সাল পর্যন্ত সম্মিলিতভাবে সরকার পরিচালনার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
তবে অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ পদ এসপিডিকে দেয়ায় নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নেই (সিডিইউ) অসন্তোষের মুখোমুখি হচ্ছেন মেরকেল।
দলে অসন্তোষ থামানোর জন্য মেরকেল একসময়ে তার কড়া সমালোচক, ৩৭ বছর বয়সী জেন্স স্পানের নাম নতুন মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি সিডিইউর নতুন সাধারণ সম্পাদক আন্নেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারকে নিজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।
ফিনিক্স টিভিকে হিলডেশেইম বিশ্ববিদ্যালয়ের মারিয়ান কনেউয়ার বলেন, গত ছয় মাসে সময়ে সময়ে চ্যান্সেলরের শেষ লিখে ফেলা হয়েছিল। দলের অনেকেই অ্যাঙ্গেলা মেরকেলের ভবিষ্যতের কথা চিন্তা করছিলেন, তবে একই সময়ে তিনি দলে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মেরকেল আগামীকাল প্যারিস যাচ্ছেন। সেখানে মার্চের ২২ ও ২৩ তারিখে তিনি এক সম্মেলনে অংশ নেবেন।
ফ্রাংকফুর্ট আলেগমাইনে জাইতুং ডেইলিতে সতর্ক করে মেরকেল বলেন, জার্মানির অংশগ্রহণ ছাড়া ‘আমার প্রকল্পের কিছু অংশ ব্যর্থতায় পর্যবসিত হবে’। তিনি আরো বলেন, আমরা পরস্পরের ওপর পুরোপুরি নির্ভরশীল। আমি ১ সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না যে, জার্মানিকে ছাড়া বা এর বিপক্ষে কোনো ইউরোপীয় প্রকল্প সফল হতে পারে।
মেরকেলের নতুন জোট তার সুস্পষ্ট সংস্কার পরিকল্পনাকে মোটা দাগে সমর্থন করেছে। এসব সংস্কারের মাধ্যমে ব্লকটিকে শক্তিশালী করা এবং পশ্চিমা গণতন্ত্রে ইদানীং শক্ত অবস্থান নেয়া উগ্রপন্থী এবং পপুলিস্টদের প্রতিহত করা হবে।