সাকিব আল হাসানের গোড়ালীর চোট, মাশরাফির জ্বর। টিম ম্যানেজমেন্টের চিন্তার অন্ত নেই। এবার যেন সেই চিন্তার নতুন মাত্রা মাহমুদুল্লাহ রিয়াদের মাংসপেশির ইনজুরি।
আজ (রবিবার) জিমে ফিটনেস ট্রেনিংয়ের সময় মাংসপেশিতে টান পরে তার। সেই ব্যাথা ক্রমশ বাড়তে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভার উত্তোলনের সময় তার মাংসপেশিতে টান পরে। ব্যথার অবস্থা, গুরুত্ব ও পরিস্থিতি সম্পর্কে জানতে তাকে এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে কিছুদিন আগে গোড়ালীর ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান এবং বর্তমানের ছড়িয়ে পড়া ভাইরাস চিকুনগুনীয়া জ্বরে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা। তবে একটু একটু করে সেরে উঠছেন তারা। গতকাল সাইক্লিংয়ের মাধ্যমে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন সাকিব। জ্বর থেকেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মাশরাফি।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে মিরপুরে জিমে ফিটনেস ক্যাম্প করছে সাকিব-মাশরাফিরা। ছুটি কাটিয়ে প্রধান কোচ হাতুরুসিংহে যোগ দিলে ব্যাট-বলের ট্রেনিং শুরু হবে।
উল্লেখ্য, ১৮ই আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
