ফেসবুকের নিয়ন্ত্রণ চান সমালোচকরা




ফেসবুকের বিরুদ্ধে গ্রাহক তথ্য অপব্যবহারের অভিযোগ বেশ পুরনো। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটির সমালোচকরা এবার প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।
শনিবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুকের পাঁচ কোটির মতো গ্রাহকের ব্যক্তিগত তথ্য পেয়েছে। তবে গণমাধ্যমে এ খবর প্রকাশের আগেই গত শুক্রবার ফেসবুক এক ব্লগ পোস্টে জানায়, ট্রাম্প শিবিরের প্রচারণার জন্য পরিচিত একটি ডাটা কোম্পানিকে তাদের বেশকিছু গ্রাহকের তথ্যে প্রবেশাধিকার দিয়েছিল। প্রতিষ্ঠানটি এসব তথ্য এখনো মুছে ফেলেনি।
ধারণা করা হচ্ছে, ফেসবুক কঠোর তদন্তের মুখে পড়তে যাচ্ছে। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তারে ফেসবুকের প্লাটফর্ম ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত চলছে।
মার্কিন ডেমোক্রেটিক দলের সিনেটর অ্যামি ক্লোবুচর এক টুইট বার্তায় লিখেছেন— এটা স্পষ্ট যে, ইন্টারনেট প্লাটফর্মগুলো তাদের সুরক্ষা দিতে পারবে না।
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের বক্তব্য তুলে ধরে অ্যামি ক্লোবুচর বলেন, তাদের বিশ্বাস করতে বলা হয়েছে। মার্ক জাকারবার্গকে সিনেট বিচার বিভাগীয় কমিটির সামনে সাক্ষ্য দিতে হাজির করা উচিত।
ফেসবুকের তথ্যমতে, গ্রাহক তথ্যের অপব্যবহার নিয়ে সমস্যার মূলে রয়েছে গবেষক ও ক্যামব্রিজ অ্যানালিটিকা। এতে তাদের নীতিমালার অপব্যবহার করা হয়েছে। তবে এ ঘটনার জন্য ফেসবুকের সমালোচকরা সোস্যাল মিডিয়া জায়ান্টটিকে দায়ী করেছেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে তারা ফেসবুকের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।
ফেসবুক জানায়, তথ্যের অপব্যবহারের ঘটনা ঘটেছে, তবে তথ্য চুরি হয়নি। কারণ ফেসবুক ব্যবহারকারীরা এতে অনুমতি দিয়েছিল।
ডেমোক্রেটিক দলের সিনেটির মার্ক ওয়ার্নার বলেন, এ ঘটনা থেকে ইন্টারনেট বিজ্ঞাপনের ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজন অনুভূত হচ্ছে।
গত শনিবার নিউইয়র্ক টাইমস ও লন্ডনের অবজারভার তাদের প্রতিবেদনে জানায়, পাঁচ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যায়ভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে রয়েছে। ফেসবুক ২০১৫ সাল থেকে এসব তথ্য মুছে ফেলার দাবি জানিয়ে এলেও তা মুছে ফেলা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ২ লাখ ৭০ হাজার গ্রাহক এক গবেষককে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছিল। তবে গবেষক এসব তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে বিক্রি করেছে, যা ফেসবুকের নীতিমালার পরিপন্থী।
ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের এক কর্মকর্তা জানান, ভোটারের তথ্যের জন্য তারা ক্যামব্রিজ অ্যানালিটিকা নয়, বরং রিপাবলিকান দলের তথ্য ব্যবহার করেছেন।
গত শুক্রবার ফেসবুক জানায়, ক্যামব্রিজ অ্যানালিটিকা ও গবেষক উভয়ই তাদের নীতি ভেঙেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা চলছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা জানায়, তারা সব তথ্য মুছে ফেলেছে। যারা এসব তথ্য সরবরাহ করেছে, তারাই মূলত এর জন্য দায়ী।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওয়ার্থ গ্রাহক তথ্যের গোপনীয়তা বজায় রাখতে বেশকিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।
ওয়াশিংটন ডিসিভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট নুয়ালা ও’কোনার বলেন, ফেসবুক ২০১৫ সাল থেকে গ্রাহক তথ্যের অপব্যবহার সম্পর্কে জানলেও গত শুক্রবারের আগ পর্যন্ত তা প্রকাশ করেনি, যা বিস্ময়কর।
গত শনিবার ব্রিটেনের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ও ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জানান, ফেসবুকের তথ্য ব্যবহার নিয়ে তারা অনুসন্ধান শুরু করতে যাচ্ছেন। যুক্তরাজ্যের তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহাম এক বিবৃতিতে জানান, তথ্য কীভাবে ব্যবহার করা হয়, আধুনিক রাজনৈতিক প্রচারাভিযানে তা কীভাবে শেয়ার করা হয় ও গোপনীয়তার ওপর এর সম্ভাব্য প্রভাব সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ।