অশ্রুসজল চোখে লাশ বুঝে নিলেন স্বজনরা




নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাদ আসর ঢাকার আর্মি স্টেডিয়ামে এ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এ সময় সেখানে প্রিয়জনের লাশ নিতে আসা স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
জানাজায় নিহত ব্যক্তিদের স্বজন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ মানুষ অংশ নেয়। জানাজা শেষে নিহত ব্যক্তিদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে বিকেল চারটার দিকে ২৩ বাংলাদেশির লাশ দেশে এসে পৌঁছায়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোয়া চারটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লাশগুলো হস্তান্তর করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। সেখান থেকে ১৯টি গাড়িতে করে লাশগুলো নেওয়া হয় আর্মি স্টেডিয়ামে।

যে ২৩ জনের মরদেহ দেশে আসছে, তাদের মধ্যে পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি ও শারমিন আক্তার নাবিলা রয়েছেন।
আর যাত্রীদের মধ্যে ফয়সাল আহমেদ, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রকিবুল হাসান, হাসান ইমাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, ফারুক হোসেন প্রিয়ক, তার মেয়ে প্রিয়ন্ময়ী তামারা, মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানভিন শশী রেজা, বেগম উম্মে সালমা, মো. নুরুজ্জামান, রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা, তাদের ছেলে অনিরুদ্ধ জামানের মরদেহ এসেছে।