মূলত ডাক্তারের কাজ রোগ নির্ণয় করা আর ফার্মাসিস্টের কাজ ওষুধ দেয়া। তিনি একজন ফার্মাসিস্ট; সাঈদা সিরাজ ম্যাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও। ফার্মাসিস্ট হিসেবে শরীরের ভেতরের রোগের ওষুধ তার জানা থাকবে এটাই স্বাভাবিক। শরীরের বাইরের (পারিবারিক, সামাজিক) রোগের ওষুধও যে তিনি নিখুঁতভাবে দিতে জানেন তা জানা ছিল না। যদি না শেষ বিকেলে, ক্লাসের বাইরে তার ক্লাসে অংশ নিতাম।
অবশ্য ক্লাস বললে ভুল, ক্লাস কি এমন হয়? গাছের নিচে, শিক্ষিকাকে ঘিরে ছাত্র-ছাত্রীরা গোল হয়ে বসে আছে। কারো মুখ মলিন নয়, চিন্তার ছাপ নেই। সবার চেহারাতেই জানার উদ্দীপনা। যে ছেলেটি ক্লাস ফাঁকি দেয়ার ছুতো খুঁজতো; সেও আজ আগ্রহীদের মতো প্রশ্ন করছে। ভাবছিলাম, ক্লাস এমন হলে অতীতে আমি বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ফাঁকি দিতাম না।
যা হোক, ম্যাম তখন ঠোঁটে হাসি এনে বলছিলেন: তোমাদের ভাইয়ার সাথে বেড়াতে গিয়েছিলাম এক আত্মীয়ের বাসায়।
ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু করো?
আমি তখন হাসছিলাম। তিনি বললেন, হাসছো কেন?
বললাম, গৃহিণী হওয়া কি কোন কাজ নয়? যদিও আমি শিক্ষিকা। কিন্তু প্রশ্নটা ওই নারীদের জন্য যারা গৃহিণী। কেনই বা কাজ মানেই চাকরি বা ব্যবসাকে বোঝানো হয়?
সংলাপটা এখানে থামিয়ে ম্যাম আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। যেখানে পশুপাখিদের সমাজে যে ভাল দিকগুলো আছে তা আমাদের মাঝেও নেই। অথচ আমরা সেরা!
মেয়ে পাখি ওড়ে আবার ঘরও বাঁধে। আমাদের সমাজে ভিন্ন, ধারণা করা হয় এটা হলে, ওটা পারবে না। ছেলেদের ক্ষেত্রেও একই। পরিবারে কার্টুনিস্ট বা কবিতা লেখা ছেলেটির নাম অপদার্থ। আবার কেউ যদি একাধিক বিষয়ে আগ্রহ প্রকাশ করে তবে শুরুতেই মোড়ল মশাই মাথা টেনে ধরে বলেন, এক মনে দুই কাজ হয়না। পরিবারের কর্তা ভুলে যান, মনের লাগে দুই-ই পেশা ও নেশা। তাই যখনই বাবা-মা ছেলে/মেয়ের কবিতার নেশা ছাড়াতে যান তখন নেশা কিন্তু মরে না শুধু সামনে অবৈধ শব্দ যোগ হয়। আর ফল হলো, অধঃপতন।
একটু থেমে ম্যাম বললেন, আমাদের সমাজে ডেমোক্রেসি নেই তার প্রমাণ তোমরা পরিবারেই পাবে। দেখবে অধিকাংশ পরিবারে একজন কর্তা থাকেন, থাকুক তাতে দোষ নেই; কিন্তু তিনি যে জোর করে তার মত অন্য সদস্যের ওপর চাপিয়ে দিচ্ছেন এটা বড্ড দোষের। তারই বিষয়ে না নেয়া হচ্ছে তার মত, না ভাবা হচ্ছে তার মতো, কর্তা/কর্ত্রী নির্দেশই শিরধার্য।
বাবা-মায়েরা প্লে-শ্রেণিতেই সন্তানকে বানাতে চাচ্ছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। ব্যতিক্রম নন শিক্ষকরাও। আমি নিজে দেখেছি, পড়া পারেনি বলে প্লে-শ্রেণির বাচ্চাকে টিচার পিটাচ্ছে। তো এই বাচ্চা স্কুল পালাবে নাতো কে পালাবে?
আর কর্মজীবনে এই ছেলে/মেয়ে যে সেক্টরেই যাক তার হাত থেকে সবই পালাবে; জীবনের স্বার্থকতা, সফলতা। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যাদের ব্যর্থতা ঘোচানোর ওষুধ আবিষ্কারের মতো ফার্মাসিস্টই বা কোথায়?
(ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)র সহকারী অধ্যাপক সাঈদা সিরাজ ম্যামের দৃষ্টিভঙ্গি অবলম্বনে জাহিদ বিন মনিরের লেখা)
