এইচএসসি পরীক্ষা: ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট




উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র কোন সেটে হবে, তা নির্ধারণ করা হবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
আজ রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় তদারক কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
এ বিষয়ে সচিব বলেন, পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্রের সব সেট নিরাপত্তা মোড়কে কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে। এরপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে কোন সেটে পরীক্ষা হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।
এ সময় সচিব এই পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে জন্য আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান। সোহরাব হোসাইন বলেন, ‘আশা করি, অতীতে যে ক্ষতি হয়েছে, তা আর হবে না।’ তিনি আরও বলেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস হবে না, তার শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এবার কত সেট প্রশ্নপত্র ছাপা হবে তা জানাতে চাননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, কত সেট প্রশ্নপত্র ছাপা হবে, সেটা কেউ জানবে না। তা বলবও না। এটা কৌশলগত ব্যবস্থা।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।
এ পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে রোববার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
আরও পড়ুন;
প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক  
ডিগ্রি পরীক্ষা শুরু কাল  
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: বহিষ্কৃত হচ্ছে ঢাবির ১৫ শিক্ষার্থী
আধঘণ্টা আগে ঢুকতে হবে এসএসসি পরীক্ষা কেন্দ্রে