প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এই দেশ জঙ্গিদের হবে না, এই দেশ স্বাধীনতাবিরোধীদের হবে না, এ দেশ যুদ্ধাপরাধীদের হবে না, এ দেশ হবে মুক্তিযোদ্ধাদের আদর্শের দেশ।”
আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই স্বাধীনতা কোনো দিন যেন ব্যর্থ হতে না পারে। আর যারা এই স্বাধীনতাকে ব্যর্থ করতে চায়, তারা যেন কোনো দিন এদেশের ক্ষমতায় আসতে না পারে। স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব।”
জনগণের কল্যাণে রাজনীতিবিদদের কাজ করার তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “অর্থ সম্পদ চির দিন থাকে না। অর্থ সম্পদ কেউ কবরে নিয়েও যেতে পারে না। মানুষ সম্পদের জন্য মারামারি কাটাকাটি করে, মরে গেলে সবই পড়ে থাকে, ফেলে রেখেই কবরে যেতে হয়। মানুষের জন্য কাজ করে যাওয়া, একজন রাজনীতিবিদের সেটাই কর্তব্য।”
নিজেদের নয়, ‘জনগণকে সম্পদশালী’ করাই তার সরকারের লক্ষ্য মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “জনগণ সম্পদশালী হোক, জনগণের জীবন উন্নত হোক, জনগণ সুন্দর জীবন পাক, বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না, একটা মানুষও না খেয়ে কষ্ট পাবে না, একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না-আমরা সেটাই করতে চাই। রাজনীতিবিদ হিসাবে মানুষকে কতটুকু দিয়ে যেতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, আমার অ্যাকাউন্টে সেইটুকুই হচ্ছে জমা।”
ঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর আরও স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা এখন স্যাটেলাইটও উৎক্ষেপণ করতে যাচ্ছি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের পর এর ১৫ বছর মেয়াদ থাকে। কাজেই পাঁচ বছরের মধ্যে আবার নতুন করে শুরু করতে হয়, এজন্য আমরা বঙ্গবন্ধু-২ করব, তারপর ৩ করব; এভাবে পরিকল্পনা আমাদের ভবিষ্যতের জন্য নেওয়া আছে।”
