থাইল্যান্ডে অভিবাসী শ্রমিকবোঝাই একটি দোতলা বাসে আগুন লেগে ২০ জন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, বাকিরা অক্ষত আছেন।
আজ শুক্রবার ভোরে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশের কিছুক্ষণ পরই বাসটিতে আগুন লাগে।
পুলিশ জানায়, বাসে মোট ৪৭ জন শ্রমিক ছিলেন। যারা বৈধভাবে থাইল্যান্ডে আসছিলেন।
বাস চালকের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাসে আসন সারির মাঝামাঝির দিকে হঠাৎ করেই আগুন জ্বলতে শুরু হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
থাই সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে অগ্নিনির্বাপক বাহিনীকে বাসের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছে। যাদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক।
