রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে যেসব দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করেছিল, ক্রেমলিন এবার সেসব দেশের কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে।
পাশাপাশি রাশিয়ার যুক্তরাজ্য দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমাতেও ব্রিটিশ রাষ্ট্রদূতকে নির্দেশ দেওয়া হয়েছে।
সলসবেরির উইল্টশায়ারে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় রাশিয়া সোভিয়েত আমলের নার্ভ এজেন্ট নোভিচক ব্যবহার করেছে অভিযোগ তুলে যুক্তরাজ্য প্রথম তাদের দেশে থাকা ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য মিত্ররাও শতাধিক রুশ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। সব মিলিয়ে ২৯টি দেশের প্রায় দেড়শ কূটনীতিক বহিষ্কারের খাড়ায় পড়েন।
মস্কো শুরু থেকেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাজ্যের কূটনীতিক বহিষ্কারের পাল্টায় প্রথম দফায় সমান ২৩ ব্রিটিশ কূটনীতিককে দেশ ছাড়তে নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানানো আলবেনিয়া, অস্ট্রেলিয়া,কানাডা, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, মেসিডোনিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন ও ইউক্রেনের ৫৯ কূটনীতককে ‘পার্সন নন গ্রাটা’ ঘোষণা করে।
পরে এক বিবৃতিতে তারা বলে, লন্ডনের সঙ্গে শেষ মুহুর্তে সংহতি জানানো বেলজিয়াম, হাঙ্গেরি, জর্জিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে রাশিয়া। একইদিন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লরি বেরিস্টোকে তলব করে তার হাতে প্রতিবাদলিপিও ধরিয়ে দেয়া হয়।
