খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পায়নি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. শাহ আলম তালুকদার সোমবার এক ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এখন পর্যন্ত কোনো প্রতিবেদন বা কোনো তথ্য তাদের জানায়নি।
দুর্নীতি মামলায় কারাগারে থাকা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার দল বিএনপির উদ্বেগের মধ্যে কারা কর্তৃপক্ষের অনুরোধে শনিবার ওই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান নেতৃত্বাধীন এ বোর্ডের অপর সদস্যরা হলেন ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।
বোর্ডের সদস্যরা রোববার কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসার পর অধ্যাপক শামসুজ্জামান বলেছিলেন “উনার চিকিৎসা চলছে। প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন। আজ তার স্বাস্থ্য পরীক্ষার পর নতুন করে কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। আর কিছু বিষয় পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”
খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো কী- জানতে চাইলে এই চিকিৎসক বলেন, “একজন রোগীর রোগের বিষয়টি একান্ত তার। সে বিষয়ে জানানো ঠিক নয়।”
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরা আগে জানিয়েছিলেন, ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্র, চোখ ও হাঁটুর সমস্যা রয়েছে। সেজন্য তাকে নিয়মিত নানা রকম ওষুধ খেতে হয়।