প্রকাশিত হয়েছে প্রাথমিক বৃত্তির ফল




প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে এবার ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তির ফল প্রকাশ করে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি দেওয়া হয়। এবার মেধা কোটায় দুজন এবং সাধারণ কোটায় ২৫ জন কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ায় কোটা পূরণ করা যায়নি।
তবে এটা পরে সমন্বয় করা হবে বলে মন্ত্রী জানান।
২০১৫ সাল থেকে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা করে পায়। আর সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পায় মাসে ২২৫ টাকা করে। এর আগে এই বৃত্তি ছিল মেধা কোটার জন্য ২০০ টাকা এবং সাধারণ কোটার জন্য ১৫০ টাকা।