প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা ১২ থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ঢাকা মহানগর উত্তর) মশিউর রহমান।
তিনি বলেন, তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে। এই ১০ জনের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কোচিং সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
অভিযানের বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান।
গত বছরজুড়ে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস হওয়ার পর এবার এসএসসি পরীক্ষায়ও প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছিল। এরপর এই মাসে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর পুলিশের তৎপরতা বেড়েছে।
