চার রুশ কর্মকর্তার সাথে যোগাযোগ হয়েছিল: ট্রাম্পের জামাতা




গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার চার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে বিবৃতি দিয়েছেন ট্রাম্পের জামাতা জেরাড কুশনার। তবে নির্বাচনে কোনো ধরনের রুশ সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন এই হোয়াইট হাউসের উপদেষ্টা।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদকে গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। সিনেট ইনটেলিজেন্স কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা আগে তিনি এ বিবৃতি দিলেন।

১১ পৃষ্ঠার ওই বিবৃতিতে কুশনার বলেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকসহ অন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে তাঁর আগের কর্মকাণ্ডের আওতায় স্বাভাবিক যোগাযোগ হয়েছিল মাত্র।

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও ক্ষমতা হস্তান্তরকালীন অন্তর্বর্তী সময়ে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কুশনারের যে চার দফার বৈঠক হয়, তার ব্যাপারে এই প্রথম মুখ খুললেন কুশনার। এদিকে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিলটি কংগ্রেসে পাস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাতে স্বাক্ষর করবেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।