জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৪




জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন। আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক।
জার্মানির পুলিশ বলছে, যে ভ্যানগাড়ী চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে।
ঘটনাটিকে একটি ‘হামলা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেনি।
পুলিশ বিভাগের মুখপাত্র আন্দ্রিয়াস বোঁদে বলেন, এই ঘটনাকে ‘হামলা’ বলার সময় এখনো আসেনি। মুয়েনস্টারের পুরনো শহর এলাকায় কায়াপেনকার্ল স্ট্যাচুর অবস্থান। ওই ভাস্কর্যের কাছেই একটি জনপ্রিয় পথচারী এলাকা আছে। সেখানে কিছু ঐতিহ্যবাহী খাবারের দোকান ও রেস্তোরাঁ আছে। ওই সব খাবারের দোকানের গ্রাহকেরা সাধারণত রেস্তোরাঁর বাইরে বসেই খাওয়া-দাওয়া করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গাড়িটি প্রচণ্ড গতিতে রেস্তোরাঁর বাইরে বসে থাকা মানুষের ওপর উঠে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে রাস্তায় চেয়ার-টেবিল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে গাড়ির চালক নিহত হওয়ায়, অন্য সন্দেহভাজনদের আর খোঁজা হচ্ছে না।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ ঘটনা নিয়ে জল্পনা না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির পুলিশ।
এদিকে জার্মানির কেন্দ্রীয় সরকারের উপমুখপাত্র উলরিকে ডেমার বলেছেন, হতাহতদের পরিবারের সদস্যদের পাশে আছে সরকার। কর্তৃপক্ষ দ্রুতই এ ঘটনার প্রেক্ষাপট উদ্‌ঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।