ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। প্রশিক্ষিত’ হামলাকারীরা মুখোশ পড়ে এসেছিল। তার সঙ্গে কোটার কোনো সংযোগ নেই। তারপরও তাঁর ওপর হামলা করা হয়েছে।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘আমি উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের কোটার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের বক্তব্য তাঁদের জানানো হয়েছে। এরপরও আমার বাসায় তাণ্ডব পরিচালিত হয়েছে। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। সেখানে আমার পরিবার ছিল। তাদের জীবন ঝুঁকিতে ছিল। সবাইকে মেরে ফেলার চেষ্টা ছিল। কিছু ছাত্র আমার প্রাণ রক্ষা করেছে। এখানে লাশের রাজনীতি ছিল। এখানে আমাকে হত্যার পরিকল্পনা থেকে এ হামলা করা হয়েছে।’
মো. আখতারুজ্জামান বলেন, ‘হামলার ঘটনায় অনেক প্রাণহানি ঘটতে পারত। আন্দোলনরত ব্যক্তিরা ৪০ থেকে ৪৫ মিনিট চেষ্টার মাধ্যমে দরজা ভেঙেছে। আমি নিজের নিরাপত্তার কথা ভুলে শিক্ষার্থীদের অবস্থা দেখার জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে ছিলাম। এ জন্য বেঁচে গেছি। বেডরুমে থাকলে আমি মারা যেতাম।’
এখন হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আইন নিজের গতিতে চলবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রোববার সন্ধ্যা থেকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর গত রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
দুই তলা ওই বাসভবনের ঘরে ঘরে ঢুকে জানালার কাচসহ প্রায় প্রতিটি আসবাবপত্র ও ভাঙার মত প্রায় সবকিছুই ভেঙে ফেলা হয়। এমনকি বাথরুম ও রান্নাঘরও তছনছ করা হয়। ভেঙে ফেলা হয় ভবনের সিসি ক্যামেরাগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শতাধিক আন্দোলনকারীকে এই তাণ্ডবে অংশ নিতে দেখা যায়। তাদের একটি অংশ বাসভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
উপাচার্যের বাসভবনে থাকা চারটি গাড়ির মধ্যে দুটি পুড়িয়ে দেওয়া হয়, দুটি ভাঙচুরের শিকার হয়। ভবনের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
আরও পড়ুন;
কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
‘মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে’
কোটা সংস্কারের দাবিতে রাস্তায় ঝাড়ু দিয়ে প্রতিবাদ কর্মসূচি
মেধা তালিকা থেকে কোটার শূন্য পদ পূরণ
শাহবাগে আন্দোলনকারীদের বিক্ষোভে কাঁদুনে গ্যাস-লাঠিপেটা
