রোহিঙ্গা বিতাড়ন: রুল চেয়েছেন হেগের আদালতের কৌঁসুলি




মিয়ানমার থেকে জোরপূর্বক রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তার বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের আছে কি না- তা জানতে চেয়েছেন হেগের ওই আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে করা এক আবেদনে এ বিষয়ে রুল চেয়েছেন তিনি।
আবেদনে বলা হয়েছে, জোর করে কোন দেশের বাসিন্দাদের আন্তর্জাতিক সীমানার বাইরে ঠেলে দেয়া সব দিক থেকে মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার একে জাতিগত নিধন অভিযানের উদাহরণ বলে বর্ণনা করেছেন এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত একে গণহত্যার সব চিহ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন, তাও উল্লেখ করা হয়েছে আবেদনে।
বিচারিক এখতিয়ার নিয়ে এই প্রশ্নের মূল কারণ হল- বাংলাদেশ আন্তর্জাতিক এ আদালতের সদস্য হলেও মিয়ানামার তা নয়।
তবে প্রসিকিউটর বেনসুদা মনে করছেন, দেশত্যাগে বাধ্য করা যে ধরনের আন্তঃসীমান্ত অপরাধ, তার ধরণ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক এখতিয়ারের পক্ষে রুল এলে, তাতেও বিষয়টি বিচারের জন্য একটি আইন কাঠামো দাঁড় করানো যাবে।
অবশ্য আন্তর্জাতিক আইনে দেশত্যাগে বাধ্য করার অপরাধকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে যে অস্পষ্টতা রয়েছে এবং এ বিষয়ে বিচার করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে সীমাবদ্ধতা রয়েছে, তাও স্বীকার করেছেন ফাতোও বেনসুদা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে গতবছর ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ একে বর্ণনা করে আসছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে। আন্তর্জাতিক আইনে দেশান্তরে বাধ্য করার বিষয়টি মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে।
এর আগে আন্তর্জাতিকভাবে প্রতীকী বিচারের মাধ্যমে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও ফাতোও বেনসুদাই প্রথম বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলার চেষ্টা করলেন।
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।
আরও পড়ুন; রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক