বিপিএল: প্রতি দলে খেলতে পারবেন ৫ বিদেশী




এবারের বিপিএল’এ প্রতিদলে পাঁচ বিদেশী খেলোয়াড় খেলতে পারবেন বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএলের প্রথম দুই আসরে পাঁচজন করে বিদেশি খেলানোর সুযোগ ছিল। তবে পরবর্তী দুই আসরে চারজন বিদেশী খেলোয়াড়ের বেশি না গেলেও এবারের বিপিএলে আবার পাঁচজন বিদেশী খেলানোর সুযোগ থাকছে। মূলত ফ্রাঞ্চাইজিগুলোর চাওয়াতে এমন সিদ্ধান্ত বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব।
তিনি বলেন, ‘পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিখিতভাবে পাঁচজন বিদেশি খেলানোর পক্ষে মত দিয়েছে। দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়েছে চারজন করে বিদেশি খেলুক। একটি ফ্র্যাঞ্চাইজি এ ব্যাপারে কিছু বলেনি। যেহেতু এবার দল বাড়ছে, আমরা পাঁচজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ইসমাইল হায়দার মল্লিক আরো জানান, এবারের আসরে এক ম্যাচে পাঁচজন করে বিদেশী খেলতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো, কমপক্ষে তিনজন অবশ্যই থাকতে হবে। যত ইচ্ছে দলে নেওয়া যাবে, কিন্তু প্লেয়ার ড্রাফট থেকে অবশ্যই দুইজনকে কিনতে হবে। স্থানীয় খেলোয়াড়দের তালিকা থেকে নিতে হবে কমপক্ষে ১৩ জন। আইকনসহ একটি দল ধরে রাখতে পারবে চারজনকে।
তবে পাঁচজন বিদেশীতে অসন্তোষ স্থানীয় খেলোয়াড়গুলো। মাশরাফি এবং তামিম কিছু দিন আগে এর বিরোধিতা পর্যন্ত করেছেন। তাদের মতে ঘরোয়া লীগগুলো স্থানীয়দের প্রতিভা বিকাশের মঞ্চ। এখানে বিদেশিদের প্রাধান্য বেশী থাকলে স্থানীয়রা নিজেদের প্রমানের সুযোগ পাবে না। বিপিএল থেকেই উঠে এসেছিল সাব্বির, তাসকিন, বিজয়রা। তাই বিদেশীদের প্রাধান্য কমিয়ে দেশীদের বিকাশের মঞ্চ করে দেওয়ার মত দেশের শীর্ষ খেলোয়াড়দের।
এছাড়াও আসছে আরো পরিবর্তন। গত বছরের বিপিএলে সাত দল খেললেও এবারের আসরে খেলছে আট দল। তাই নতুন আইকন খুঁজে বের করা প্রয়োজন ছিল। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, সৌম্যের পর অষ্টম আইকন হিসেবে নির্বাচিত হয়েছে মুস্তাফিজ। তবে আইকন হিসেবে ইমরুল কায়েস, নাসিরের নাম শোনা গেলেও কুমিল্লা ইমরুলকে ও ঢাকা নাসিরকে রেখে দিলে তা আর সম্ভব হয় নি। তাই আইকন হিসেবে মাঠ মাতাবে মুস্তাফিজ। ইঞ্জুরির কারনে গত বছরখেলা হয় নি তার। নিজের প্রথম বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি।
তবে আইকন খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করে দেয় নি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্রাঞ্চাইজিদের সাথে চুক্তি করে মূল্য ঠিক করতে পারবে তারা। তবে চুক্তি সাপেক্ষে যথাসময়ে ফ্রাঞ্চাইজিগুলো মূল্য না দিলে এর দায়িত্ব নিবে না বিপিএল কর্তৃপক্ষ। আইকনদের মূল্য উন্মুক্ত থাকলেও বাকি খেলোয়াড়দের মূল্য আগেরই আছে বলে জানান সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
এবারের ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে সিলেট। আট দলের পর্যাপ্ত থাকার ব্যবস্থা ও সুযোগ সুবিধা করা গেলে নতুন ভেন্যুতে গড়াবে বিপিএল।
৪ নভেম্বর আসর শুরু করার কথা থাকলেও দুইদিন এগিয়ে এবারের বিপিএল শুরু হচ্ছে ২ নভেম্বর। কাছাকাছি সময়ে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-২০ লীগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের কারণে এ সিদ্ধান্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ শে অক্টোবর।