চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৬ মে। ওই দিন এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান।
রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৬ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানাতে পারবেন।
উল্লেখ্য, গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
