ব্যর্থতার জন্য আমি রাষ্ট্রকে দায়ী করি-
সমূহ কবিতাতে তুলি বিদ্রোহী স্লোগান,
অথচ রাষ্ট্র কখনো আমাদের জন্ম দেয়নি;
আমরাই রাষ্ট্রের জন্মদাতা।
শীতের ভোরে লাল গোলাপের সাথে পাল্লা দিয়ে জন্মেছিলাম,
মানুষগুলো আমার নাম রেখে দিলো।
আমাকে রুটিন করে দিলো
হাতে ধরিয়ে দিলো বই-খাতা-কলম,
অথচ আমি জীবনকে ভাগ করেছি-
দ্রোহ-অশান্তি-প্রেমে
আমিই জন্ম দিয়েছি এক জ্যামিতিক রাষ্ট্র।
ভাঙা রাস্তা-ফুটপাত দেখি
ট্রাফিকের রুলস দেখি,
দেখি সাদা পাঞ্জাবীতে তরুণ রাজনৈতিক নেতা।
টকশো দেখি
উন্নয়নের বাজেট দেখি,
দিনশেষে কর্মজীবী-মেহনতি মানুষের কষ্ট দেখি
অথচ-
সংবিধানে একটি সুস্থ-সুন্দর রাষ্ট্রের বর্ণনা দেয়া হয়েছে!
হে রাষ্ট্রপিতা-
জনগণ কি সংবিধান বোঝে?
যারা রাষ্ট্রের জন্মদাতা।
