নিজের তৈরি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে গত বছরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন হিরো আলম। আবারো আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় হিরো আলম। তবে এবার কোন ভিডিও’র মাধ্যমে নয়। খোদ বলিউড বাদশা শাহরুখ খানের সাথে সেলফি তুলে। আর সে খবরই উঠে এসেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের পাতায়।
বলিউড বাদশা শাহরুখ খানের নাম কে বা জানে। পুরো বিশ্বব্যাপী তার রয়েছে অসংখ্য অনুরাগী। অন্তত বিশেষ দিনগুলোতে যখন তার আবাসস্থল ‘মান্নাতের’ বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়েন তখনই তার অনুরাগী সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। আর এই বলিউড বাদশা নাকি হিরো আলমের অনুরাগী।

অন্তত সম্প্রতি আলমের টুইটারে প্রকাশিত একটি ছবি এবং তার ক্যাপশন দেখে সেটাই মনে হতে পারে। অবশ্য ছবিটি যে আনাড়ী হাতের ফটোশপের কারসাজি সেটা বুঝতে কারোরই বাকি নেই। কিন্তু তার পরও ভারতীয় গণমাধ্যমে ঝড় তুলেছে এই খবরটি।
উল্লেখ্য বগুড়া জেলায় স্থানীয় কেবল সংযোগ স্থাপনের ব্যবসা রয়েছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সেই সুবাদেই তিনি নিজের স্থানীয় সংযোগগুলো প্রচারের জন্য কিছু মিউজিক ভিডিও তৈরি করেছিলেন বিভিন্ন সময়। যা গত বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে হিরো আলমের ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁর ভিডিও নিয়ে হয় ট্রল ও মিম। কিন্তু এখন দেশের বাইরেও বাংলাদেশের শিল্পীদের প্রতিনিধি হিসেবে হিরো আলমের নাম ছড়িয়ে পড়ায় সেই কৌতুক শঙ্কায় পরিণত হচ্ছে।
