আজ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের শপথ নেবেন আবদুল হামিদ




রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি জানান, বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, কূটনীতিকবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথগ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। তবে কেবল আবদুল হামিদই টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।