সেতু আরিফের নির্দেশনায় মিলন-প্রভা




আসন্ন ঈদকে সামনে রেখে নির্মাতা সেতু আরিফের নির্মাণ করেছেন ‘শবনমের দ্বিতীয় গল্প’ শিরোনামের একটি কাহিনীচিত্র। এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও প্রভা।
নাটকের গল্পে দেখা যায়, স্বামী না ফিরে আসা, বাবা মারা যাওয়া—সব মিলিয়ে শবনমের নিজস্ব জীবন যখন কোণঠাসা হয়ে ওঠে, তখন শবনমের বেঁচে থাকার যুদ্ধটা অনেক বড় হয়ে ওঠে। জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে শবনম চলে আসে অন্য এলাকায়। ইটভাটার শ্রমিক হিসেবে শবনম শুরু করে নতুন যুদ্ধ। এই পোড়ামাটির জীবনে শবনম যখন মেনে নেয় তার বেঁচে থাকাটাই একমাত্র জীবন, ঠিক এ সময়টিতে এই ভাটায় শবনম সেই মোহনলালের মুখোমুখি হয়। এই জীবনযুদ্ধে এসে শবনম যতটাই নিজেকে আড়াল করতে চায়, মোহনলাল ততটাই সামনে চলে আসে। শবনম জানে, সে চাইলেই তো মোহনলালের সঙ্গে নতুন একটা জীবন। কিন্তু সাহস সঞ্চয় করতে পারে না শবনম।
নাটকটি সম্পর্কে নির্মাতা সেতু আরিফ বলেন, ‘নির্মাতা হিসেবে চলতি জীবনযাপনে একটি নারী চরিত্রের জার্নি দেখাতে চেয়েছি। যেখানে জীবনের বাস্তবতা, পারস্পারিক যোগাযোগ, প্রেম, অনুভূতি, আকর্ষণ এবং টানাপোড়ন একই সঙ্গে চলমান।’ নাটকে অন্যন্য চরিত্রে অভিনয় করেছেন করেছেন আহমেদ অপু, আল আমিন, হিন্দোল রায়, টুনটুনি খালা প্রমুখ। নাটকটি আসন্ন ঈদে দেশ টিভিতে প্রচার হবার কথা রয়েছে।