ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে অন্যতম মিত্র চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি)। এ কারণে উত্তর কোরিয়ায় ডিজেল, গ্যাসোলিনসহ জ্বালানি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমান অবস্থা আরো কিছুদিন চললে দেশটির জ্বালানি খাত সংকটের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাস দুয়েক ধরে দেশটিতে ডিজেল ও গ্যাসোলিন সরবরাহ বন্ধ রেখেছে চীনা প্রতিষ্ঠান সিএনপিসি। এর জের ধরে উত্তর কোরিয়ায় এ দুটি জ্বালানি পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেশটির রাজধানী পিয়ংইয়ং ও উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিনুইজুতে চলতি মাসের শুরুতে প্রতি কেজি গ্যাসোলিন বিক্রি হয়েছে ২ ডলার ১৮ সেন্টে, যা ২১ জুনের তুলনায় ৫০ শতাংশ বেশি। সেদিন প্রতি লিটার গ্যাসোলিনের দাম ছিল ১ ডলার ৪৬ সেন্ট।
দেশটিতে ১২ জুলাই পণ্যটি প্রতি কেজি ২ ডলার ৫ সেন্টে বিক্রি হয়, যা চলতি বছরের শুরুর সময়ের তুলনায়ও অনেক বেশি। একই দিন প্রতি কেজি ডিজেল বিক্রি হয় ১ ডলার ৪৫ সেন্টে, যা তিন সপ্তাহ আগের দামের তুলনায় ২০ শতাংশ বেশি। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় জ্বালানি পণ্য কেজি হিসেবে বিক্রি হয়।
গত বছর দেশটিতে ৯৬ হাজার টনের বেশি গ্যাসোলিন রফতানি করে চীন। একই সময় পিয়ংইয়ংয়ে রফতানি করা ডিজেলের পরিমাণ ছিল প্রায় ৪৫ হাজার টন। সব মিলে এ বাবদ চীনের আয় হয় ৬ কোটি ৪০ লাখ ডলার। চীন থেকে দেশটিতে দুই দশক ধরে অধিকাংশ জ্বালানি পণ্যই সরবরাহ করা হয় সিএনপিসির মাধ্যমে।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সিউলভিত্তিক দৈনিক এনকের বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জ্বালানি চাহিদার সিংহভাগই পূরণ করে চীন। পাশাপাশি রাশিয়া থেকেও পিয়ংইয়ংয়ে জ্বালানি পণ্য সরবরাহ করা হয়। দেশটির সামরিক বাহিনী আমদানিকৃত জ্বালানির সিংহভাগই ব্যয় করে। কিছু অংশ দেশটির মত্স্য আহরণ, কৃষি, পরিবহন ও বিদ্যুত্ উৎপাদনে বরাদ্দ দেয়া হয়।
এখন চীন থেকে সিএনপিসি উত্তর কোরিয়ায় গ্যাসোলিন ও ডিজেল সরবরাহ বন্ধ করায় পণ্য দুটির দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং নতুন বাজার খুঁজতে বাধ্য হবে। পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাখায় দেশটির জ্বালানি চাহিদা পূরণে এগিয়ে আসবে রাশিয়া। তবে উত্তর কোরিয়ায় জ্বালানি পণ্য রফতানি বন্ধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সিএনপিসির মুখপাত্র।
শুধু জ্বালানি সরবরাহ বন্ধই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করেছে চীন। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জের ধরে আন্তর্জাতিক চাপের মুখে চীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। উত্তর কোরিয়ার অন্যতম প্রধান রফতানি পণ্য কয়লার প্রধান ক্রেতা চীন। চীন সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের পর দেশটির কয়লা রফতানির পরিমাণ শূন্যের কোটায় নেমে এসেছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও এতে চীনের নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ‘অজ্ঞাতনামা একটি দেশে’ উত্তর কোরিয়ার কয়লা রফতানির পরিমাণ ছিল ১৪ লাখ টন। এর মধ্য দিয়ে দেশটি ১২ কোটি ৬০ লাখ ডলার আয় করে। কিন্তু এপ্রিলে পণ্যটির রফতানির পরিমাণ শূন্যের কোটায় নেমে আসে। একদিকে কয়লা রফতানি বন্ধ, অন্যদিকে চীন থেকে জ্বালানি পণ্য সরবরাহ বন্ধে দ্বিমুখী সংকটের মুখে রয়েছে উত্তর কোরিয়ার জ্বালানি খাত।
