দেখতে দেখতে ৩১ বছরে পা দিয়ে ফেললেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকে সিনেমার পর্দায় পথ চলা শুরু করা বরুণ ধাওয়ান বর্তমানে এক জনপ্রিয় নাম। তবুও বরুণের মনে রয়েছে কিছুটা দুঃখ।
কিন্তু কীসে মন খারাপ জন্মদিনে পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্রের। এক সাক্ষাৎকারে বরুণ জানান, এখনও তাঁর সঠিক মূল্যায়ন হয়নি। অনেকের তুলনায় তিনি কম পারিশ্রমিক পান। গত ছ’বছরে তাঁর ৬টি সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকলেও পরিস্থিতি বদলায়নি। তিনি সিনেমা হলে অনেক বেশি দর্শক টানতে সক্ষম, তবুও তাঁকে অনেকেই সেই পর্যায়ের মনে করেন না।
বরুণের মতে, ‘তিনি আরও অনেকটাই পেতে পারেন। হয়ত আগামী দিনে আমি বেশি সিনেমা নাও করতে পারি। কিন্তু যেটুকু কাজ করি, তার জন্য আমার উপযুক্ত পারিশ্রমিক পাওয়া উচিত। কারণ আমি কিন্তু দর্শক টানতে জানি। আমি রাস্তায় দর্শকদের জন্য বিনা পয়সাতেই কাজ করতে রাজি। কিন্তু যে জিনিসটির সঙ্গে অ্যাড কিংবা বিভিন্ন নামী ব্র্যান্ড যুক্ত, সেখানে আমি বেশি টাকা পেতেই পারি। আমি এটাই মনে করি যে, যতটা পারিশ্রমিক পাওয়ার কথা কিংবা আমার যতটা মূল্যায়ন হওয়ার কথা, ততটা কখনই হয় না।’
