অভিনেত্রী ভাবনার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ গেলো বইমেলায় প্রকাশিত হয়। তার প্রকাশিত প্রথম উপন্যাস পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলে। আবার নতুন বই লেখার জন্যও অনুপ্রাণিত হয়েছেন তিনি।
তবে আপাতত নতুন বই না লিখলেও ‘গুলনেহার’র চিত্রনাট্য নিয়ে দারুণ ব্যস্ত ভাবনা। কারণ আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলের জন্য ভাবনার ‘গুলনেহার’র উপন্যাস থেকেই টেলিফিল্ম নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। তবে এই ‘গুলনেহার’ টেলিফিল্মে ভাবনা অভিনয় করবেন কী করবেন না তা এখনও চ‚ড়ান্ত নয়।
‘গুলনেহার’ চরিত্রে অভিনয়ের জন্য আশি বছরের একজন বৃদ্ধা নারীকে খোঁজা হচ্ছে দেশের নানানপ্রান্তে। যদি চরিত্রানুযায়ী পাওয়া যায় তবে প্রয়োজনে তাকে অভিনয় শিখিয়ে দেয়া হবে। কিন্তু গুলনেহার যেমন, ঠিক তেমনই এক জনকে খোঁজার চেষ্টা করছেন ভাবনা ও অনিমেষ আইচ।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক ভাই আমার এই উপন্যাসটি পড়ার পর আমাকে এর চিত্রনাট্য করতে বলেন যাতে এটি টেলিফিল্মে রূপান্তর করা যায়। আমিও বেশ উৎসাহিত হয়েই এর চিত্রনাট্য করা শুরু করলাম। কারণ আমার ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাভিশন আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। তাই আমিও চাই আমার এই উপন্যাস থেকে সৃষ্ট টেলিফিল্ম বাংলাভিশনেই প্রচার হোক। আর অনিমেষ আইচ যেহেতু আমার এই উপন্যাসের শুরু থেকেই ছিলো, তাই তার ওপরই দায়িত্ব দেয়া হয়েছে যেন সর্বোচ্চ যত্ম নিয়ে কাজটি অনিমেষ করেন। তাছাড়া আমার খুব ভালো বন্ধু হিসেবে আমার উপন্যাসের ভাবনাটা অনিমেষই ভালো বুঝতে পারবেন।’
ভাবনা জানান মে মাসের প্রথম সপ্তাহে তিনি ব্যাংকক যাবেন। সেখান থেকে ফিরে এসে শিল্পী নির্বাচন চ‚ড়ান্ত করার পর এর নির্মাণ কাজ শুরু হবে। এদিকে গতকাল ভাবনা মোরসালিন শুভ’র নির্দেশনায় ‘একদিন প্রতিদিন’ নাটকে অভিনয় করেন। তবে নাটকের নামটি পরিবর্তন হতে পারে বলে জানান ভাবনা। এতে তার বিপরীতে আছেন জাহিদ হাসান। একই অভিনেতার বিপরীতে তিনি সাগর জাহানের রচনা ও নির্দেশনায় অভিনয় করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দুলু বাবুর্চি’।
