সাকিব আহমেদ
মাস দেড়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে জিততেই হবে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হঠাৎ দিশেহারা বাংলাদেশ। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ডুবতে থাকা বাংলাদেশকে টেনে তোলা, রাজকীয় শতকে সাকিবের সাথে রেকর্ড পার্টনারশিপ, সাকিব না পারলেও ম্যাচ শেষ করে উঠে আসা – তিনিও হয়ত মানবেন, এটি ছিল তার ক্যারিয়ারের সেরা ম্যাচ। সেদিন বাংলাদেশ যেভাবে জিতেছিল, পুরো বিশ্বকে জানান দিয়েছিল নিজেদের শক্তিমত্তার। আর তার অন্যতম কারিগর তিনি। ম্যাচ শেষে তার বজ্র হুংকার তারই প্রমান রাখে।
বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের কথা। দেখতে দেখতে আন্তর্জাতিক অঙ্গনে দশ বছর পার হয়ে গেছে। এই দশ বছরে অনেক চড়াই উৎরাই পার হয়ে হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সদস্য, অপরিহার্য অঙ্গ। সাক্ষী হয়েছেন অনেক জয়-পরাজয়ের। অনেক ম্যাচে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন এনেছেন সাফল্য। তবে লাইমলাইটে আসা হয় না কিছুতেই। নীরবে করে গেছেন নিজের কাজ। আলো হারিয়েছেন সাকিব-তামিম-মুশফিকদের উজ্জ্বলতায়। ভাল তে প্রশংসা আসে কি খেললেই না, খারাপ খেললেই সমালোচকদের প্রশ্ন বানে জর্জরিত হতে হয়।
তবে এত সব নিয়ে ভাবেন কোথায়? নিজের কাজ ঠিক মতই করে যান। দায়িত্ব পালন করেন আস্থার সাথে। মাঠে থেকে বাংলাদেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ। নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের বিপক্ষে ২০১৬ এশিয়া কাপ টি২০ কিংবা ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোতে শেষ পর্যন্ত লড়েছেন। যেই বিশ্বকাপে বাংলাদেশী খেলোয়াড়ের সেঞ্চুরি নিয়ে হাহাকার সেই বিশ্বকাপে টানা দুটি শতক করে জানিয়েছেন বড় মঞ্চের জন্যই তিনি। তার ব্যাট চওড়া হয়ে কথা বলে।
এত কিছুর পরেও প্রশ্নবিদ্ধ হতে নয়, নিজের অবস্থান সম্পর্কে নিন্দার তীরে বিদ্ধ হতে হয়। তবুও মাহমুদুল্লাহ রিয়াদরা ভয় পায় না, হার মানে না। চওড়া ব্যাটে প্রয়োজনে জবাব দেয়। জানান দেয় ফুরিয়ে যাওয়ার জন্য নয়, নিজেকে মেলে ধরার জন্যই আবির্ভাব।
মাহমুদুল্লাহ রিয়াদের জন্ম ১৯৮৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অপরিহার্য সিনিয়র সদস্য। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ মিললেও এখন শুধুই একজন ব্যাটসম্যান। ব্যাট হাতে আগলে রাখেন মিডল অর্ডার। বড় ভরসার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়ে উঠেছেন। ব্যাটিংয়ে বিপর্যয়ে দলের ভরসা হয়ে উঠেছেন। খুঁটি আগলে রেখে বিপদে কতবার বাংলাদেশকে টেনে তুলেছেন তার হিসেব নেই। মাশরাফির পর অধিনায়ক হিসেবে তাকেই দেখতে চান ভক্ত-সমর্থকরা। অথচ একটি সময় কতই না সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। নিন্দুকের অপমানজনক কথায় লুটিয়ে পড়তে হয়েছিল বারবার। কিন্তু হাল ছাড়েননি তিনি। পরিশ্রম, অধ্যবসায়, কঠোর নিষ্ঠা দিয়ে সব সমালোচনাকে জয় করেছেন। নিজের জন্য কুড়িয়েছেন প্রশংসা।
শুরুটা ২০০৭ সালে। শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলে ডাক পান তিনি। সে বছরের ২৫ জুলাই সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার মাধ্যমে ক্রিকেট অঙ্গনে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। দুই বছর পর ২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্টইন্ডিজের আর্ণস ভ্যাল স্টেডিয়ামে প্রথম টেস্ট ক্যাপ পড়ে মাঠে নামেন। সে ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।
২০১৫ সালের ৯ মার্চ, অস্ট্রেলিয়ার এডিলেড ওভাল গ্রাউন্ডে ১৩৮ বলে ১০৩ রান করার মাধ্যমে বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন। সেই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার ইতিহাস রচনা করে বাংলাদেশ। সেই ম্যাচে রুবেল শেষ তিন বলে দুই উইকেট নিয়ে জয়ের হাওয়ায় ভাসালেও জয়ের ভীত গড়ে দেয় মাহমুদুল্লাহ ও মুশফিকের ১৪১ রানের জুটি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানে অপরাজিত থাকার মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপে টানা দুই শতক হাঁকান, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত করতে পারে নি। সে ম্যাচ অবশ্য শেষ ওভারের তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। এছাড়াও ছোট বড় অনেক জয়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের দশম ক্রিকেটার হিসেবে খেলেছেন ১০০তম এক দিনের ম্যাচ।
এক নজরে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার :
টেস্ট :
ম্যাচ : ৩৩
রান : ১৮০৯
ব্যাটিং গড় : ৩০.১৫
৫০/১০০ : ১৩/১
সর্বোচ্চ :
উইকেট : ৩৯
বোলিং গড় : ৪৪.৭১
বেস্ট বোলিং : ৫/৫১
ক্যাচ/স্টাম্পিং : ৩৩/১
ওডিআই :
ম্যাচ : ১৪৫
রান : ৩১৫৫
ব্যাটিং গড় : ৩৪.৬৭
৫০/১০০ : ১৭/৩
সর্বোচ্চ : ১২৮*
উইকেট : ৭০
বোলিং গড় : ৪৪.৫৫
বেস্ট বোলিং : ৩/৪
ক্যাচ/স্টাম্পিং : ৪৮/০
টি টোয়েন্টি :
ম্যাচ : ৫৮
রান : ৮০১
ব্যাটিং গড় : ২০.২৫
৫০/১০০ : ৩/০
সর্বোচ্চ : ৬৪*
উইকেট : ২২
বোলিং গড় : ৩০.৪৫
বেস্ট বোলিং : ২/৫
ক্যাচ/স্টাম্পিং : ২২/০
