যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ




পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি শুধু প্রথম দক্ষিণ এশীয়ই নন বরং দেশটির প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীও।
গত রবিবার দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসা কিছু ক্যারিবীয় অভিবাসীকে ‘অবৈধ’ ঘোষণা করা নিয়ে কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। তার স্থলাভিষিক্ত হওয়ার পর যুক্তরাজ্যের অভিবাসন নীতি নতুন করে পর্যালোচনা করে এর গ্রহণযোগ্যতা আরো নিশ্চিত করার কথা বলেছেন সাজিদ।
এ বিষয়ে তিনি বলেন, “আমরা একটি পরিকল্পনা নেব…আর তা হচ্ছে একটি সুষ্ঠু অভিবাসন নীতি নিশ্চিত করা। যে নীতিতে মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ এবং সৌহার্দপূর্ণ আচরণ করা হবে। এটি হবে আমার সবচেয়ে জরুরি একটি কাজ। ক্যারিবীয় দেশ থেকে অভিবাসী হিসেবে আসা যুক্তরাজ্যের ওই সব নাগরিক যারা ‘উইন্ডরাশ জেনারেশন’ নামে পরিচিত তাদের সাহায্য করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করাসহ তাদের প্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। আমার মনে হয় জনগণ এখন এটিই দেখতে চাইছে।”
১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে শ্রমিক ঘাটতি পূরণের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে যাদের যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছিল তাদের উত্তরসূরিদেরই ‘উইন্ডরাশ জেনারেশন’ বলা হয়। কথিত এ ‘উইন্ডরাশ জেনারেশনের’ উত্তরসূরিদেরকে কেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে?- গত দুই সপ্তাহ ধরে এর ব্যাখ্যা দিতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ মন্ত্রীরা।
বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে গত বুধবার ৫৪ বছর বয়সী অ্যাম্বার রাড ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের বলেছিলেন, অভিবাসীদের সরানোর কোনো লক্ষ্য সরকারের নেই। ‘কিন্তু এ ধরনের লক্ষ্য ব্রিটেনের আছে’, ফাঁস হওয়া নথিতে একথা প্রকাশ পাওয়ার পর পার্লামেন্ট সদস্যরা রাডকে তার বক্তব্য স্পষ্ট করার জন্য চাপ দেন।
বিরোধী দল লেবার পার্টি বার বার রাডকে পদত্যাগ করার আহ্বান জানাতে থাকে। দলটি ‘উইন্ডরাশ’ কেলেঙ্কারারি জন্য টেরিজা মে-কেও দায়ী করে এবং সরকারের অভিবাসন নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজের অবস্থানও ব্যাখ্যা করার দাবি জানায়।
অভিবাসীদের বিতাড়ন নিয়ে নিজের বক্তব্য একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ার পর রোববার প্রধানমন্ত্রীকে ফোন করে রাড স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার পদত্যাগের প্রস্তাবে সম্মতি দেন টেরিজা মে।
গত সপ্তাহে ‘উইন্ডরাশ কেলেঙ্কারি’ নিয়ে ‘সানডে টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ বলেছিলেন, বিষয়টি তিনি খুবই ব্যক্তিগতভাবে নিয়েছেন। কারণ তিনি নিজেও অভিবাসী পরিবার থেকে এসেছেন। তিনি বলেন, “এটা আমার, আমার মা বা আমার বাবার ক্ষেত্রেও হতে পারত।”
উল্লেখ্য, পাকিস্তান থেকে আসা এক বাসচালকের ছেলে সাজিদ জাভিদ সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে তিনি এমপি নির্বাচিত হন। ১৮ মাস তিনি কমিউনিটিস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।৪৮ বছরের সাজিদ বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রীও ছিলেন।