মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন দেশটির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো একটি চিঠিতে তিনি এ আশ্বাস দেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ট্রাম্পের পাঠানো চিঠিটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৈঠকের বিস্তারিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ট্রাম্প চিঠিতে প্রধানমন্ত্রীকে বলেন, ‘রোহিঙ্গারা যাতে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন করতে পারেন সে জন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।
